সকল মেনু

কেউ কেউ জুলাই আন্দোলনকে দলীয়ভাবে কুক্ষিগত করতে চায়: তারেক রহমান

কেউ কেউ ২০২৪ সালের জুলাই আন্দোলনকে দলীয়ভাবে কুক্ষিগত করতে চায় বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জুলাইয়ের গণআন্দোলনে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেদিনের আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিলেন। এই আন্দোলন কারও একার ফল নয়।

রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ফার্মগেটের খামারবাড়িতে কৃষিবিদ ইনিস্টিটিউটে বিএনপি আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ দেড় দশক ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দায় রাষ্ট্রের রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে সবার চিকিৎসাসহ ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করবে।

তিনি আরও বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিল। তারা ১৯৭১ সালে দেশের জন্য যুদ্ধ করেছিলেন; যেমন আপনারা ২০২৪ সালে দেশের জন্য লড়াই করেছেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে জুলাই যোদ্ধাদের জন্য একটি আলাদা বিভাগ খোলা হবে। সেখান থেকে জুলাইযোদ্ধাদের সহযোগিতা করা হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের জুলাই আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের স্বপ্ন ছিল সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার। বিএনপি সেই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।

মতবিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি বিএনপির সিনিয়র মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমন।

এ ছাড়াও জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের মধ্যে বক্তব্য রাখেন মীর মুগ্ধের বাবা মীর মোস্তাফিজুর রহমান, শহীদ ওয়াসিমের বাবা, আবু সাঈদের ভাই, ময়মনসিংহে আন্দোলনে হাত হারানো আল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমানসহ প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলতে না পেরে পুরান ঢাকা থেকে আগত শহীদ মনিরুল ইসলাম অপুর পরিবারের সদস্যসহ অনেক পরিবার ক্ষোভ প্রকাশ করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top