সকল মেনু

‘২৪-এর অভ্যুত্থানের মাস্টারমাইন্ড মুক্তিকামী জনগণ’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ২৪-এর অভ্যুত্থানের একক কোনো মাস্টারমাইন্ড নেই। এই অভ্যুত্থানের প্রকৃত মাস্টারমাইন্ড এ দেশের মুক্তিকামী জনগণ। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর দায়িত্বশীল ভূমিকার কারণে ধারাবাহিক ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম চূড়ান্ত সফলতার মুখ দেখেছে।

সোমবার (১২ জানুয়ারি) রাতে সাবেক সেনা কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, সামনের দিনগুলোতে সশস্ত্র বাহিনীর সাহসী ভূমিকা জাতিকে পথ দেখাবে। জামায়াতে ইসলামী ফ্যাসিবাদ পতনে যতটুকু ভূমিকা পালন করেছে, তা তাদের দায়িত্বের অংশমাত্র।

তিনি আরও বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশের সর্বোচ্চ ব্যক্তির জবাবদিহিতাও নিশ্চিত করা হবে।

সেনাবাহিনী প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা সেনাবাহিনীকে সকলের প্রিয় হিসেবে দেখতে চাই। দেশের বাইরে ও ভেতরে তাদের কর্মকাণ্ড যেন প্রশংসা কুড়ায়, সেটিই জামায়াতের প্রত্যাশা।’

নির্বাচন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, প্রতিটি ভোটার নিজের নাগরিক অধিকার পূরণ করতে পারলেই কেবল আগামী নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ হিসেবে প্রমাণিত হবে।

এখনো নির্বাচনের সুষ্ঠু পরিবেশ পুরোপুরি নিশ্চিত না হলেও নির্বাচন কমিশন ও সরকারের ওপর আস্থা রাখতে চান বলে জানান তিনি।

তবে তিনি স্পষ্ট করে বলেন, ‘বিগত দিনের মতো আর কোনো নির্বাচন আমরা দেখতে চাই না। মেনে নেবো না।’

তিনি বলেন, জনগণ সচেতন থাকলে কেউ নির্বাচন ইঞ্জিনিয়ারিং করার সাহসও করবে না। দুর্নীতি দমনের বিষয়ে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দুর্নীতির ‘লেজ নয়, কান ধরে টানা হবে’।

অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, তাঁরা পরবর্তী প্রজন্মের হাতে একটি নিরাপদ দেশ তুলে দিতে চান। এই প্রচেষ্টায় দেশের আপামর জনগণের সমর্থন কামনা করেন তিনি। শেষে তিনি বলেন, ‘আমরা শুধু জামায়াতে ইসলামী নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় প্রত্যাশা করি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top