ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারের অভিযানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের ‘রহস্যময়’ অস্ত্র ব্যবহারের খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তারক্ষীর বরাত দিয়ে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, অভিযানে মার্কিন বাহিনী একটি অত্যাধুনিক ডাইরেক্টেড এনার্জি ওয়েপন ব্যবহার করেছেন।
নিরাপত্তারক্ষীর বর্ণনা অনুযায়ী, অভিযানের শুরুতেই তাদের রাডার ব্যবস্থা অকেজো হয়ে যায় এবং আকাশে অসংখ্য ড্রোন উড়ে বেড়ায়। পরে মাত্র ২০ জন মার্কিন সেনা হেলিকপ্টার থেকে নেমে এমন এক প্রযুক্তি প্রয়োগ করেন, যা তারা আগে কখনো দেখেননি।
প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মার্কিন সেনারা বন্দুকের চেয়েও শক্তিশালী যন্ত্র থেকে তীব্র শব্দ তরঙ্গ বা শক্তি নিঃসরণ করেন। এর ফলে মাদুরোর নিরাপত্তারক্ষীরা মুহূর্তের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ে; নাক থেকে রক্ত ঝরে এবং কেউ কেউ রক্তবমি শুরু করেন। তিনি বলেন, “মনে হচ্ছিল যেন মাথা ভেতর থেকে ফেটে যাচ্ছে।”
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই বর্ণনা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। তবে হোয়াইট হাউজ এখনো আনুষ্ঠানিকভাবে অস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেনি।
ভেনেজুয়েলার অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, ৩ জানুয়ারি অভিযানে প্রায় ১০০ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্রের কাছে লেজার বা মাইক্রোওয়েভ ভিত্তিক এমন মারণাস্ত্র থাকলেও সরাসরি যুদ্ধে ব্যবহারের এটি সম্ভবত প্রথম ঘটনা।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।