সকল মেনু

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের আশ্বাস সিইসির

সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড কমিশন নিশ্চিত করবে বলে সকলকে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ আশ্বাস দেন তিনি।

এ সময় সিইসি বলেন, আগের মতো এবার কোনো পাতানো নির্বাচন হবে না এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা হবে। নির্বাচন কমিশন ইনসাফে বিশ্বাসী এবং সবাই কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন।

তিনি বলেন, যারা মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে আবেদন করেছেন, তা আইনি ভিত্তিতে সমাধান করা হবে। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী। প্রতিটি প্রার্থীকে সমান সুযোগ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।

তিনি আরও আশ্বস্ত করেন যে, আপিল শুনানির পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, বৃহস্পতিবার আপিল আবেদনের চতুর্থ দিন চলছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা ইসিতে উপস্থিত হয়ে মনোনয়ন ফিরে পেতে বা প্রতিদ্বন্দ্বীর বৈধতার বিরুদ্ধে আবেদন জমা দিচ্ছেন।

ইসি জানিয়েছে, আপিল আবেদন শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত জমা দেওয়া যাবে। আগামী ১০ জানুয়ারি (শনিবার) থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত। এরই মধ্যে তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top