বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক বিরাট শূন্যতা সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি শুধু দেশের জন্য নয়, বরং গণতান্ত্রিক বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রেও একটি অপূরণীয় ক্ষতি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “এই সংবাদটি নিয়ে আপনাদের সামনে দাঁড়াতে হবে, এটা আমরা কখনও ভাবিনি। আমরা আবারও আশা করছিলাম, ঠিক আগের মতোই তিনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু আজ ভোর ৬টায় আমাদের গণতন্ত্রের মা, আমাদের অভিভাবক, আমাদের জাতির অভিভাবক আমাদের মাঝে নেই… ইন্না লিল্লাহি ওয়া ইল্লা ইলাইহি রাজিউন।”
তিনি আরও বলেন, “এই শোক ও ক্ষতি অস্বাভাবিক এবং অপূরণীয়। যে নেত্রী তার সারাজীবন জনগণের অধিকারের জন্য, কল্যাণের জন্য উৎসর্গ করেছিলেন, সেই বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। বাংলাদেশের রাজনীতিতে একটি বিশাল শূন্যতা সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, গণতান্ত্রিক বিশ্বের গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রেও এটি অপূরণীয় ক্ষতি।”
বিএনপি মহাসচিব জানান, সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ইতিমধ্যেই ফোন করেছেন। তিনি জানিয়েছেন, সকাল সাড়ে ১০টায় একটি বিশেষ ক্যাবিনেট মিটিং হবে। ওই মিটিংয়ে বেগম খালেদা জিয়ার শেষ কাজ, তার জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়ে আলোচনা করা হবে। মির্জা ফখরুল বলেন, “এর পর আমরা পুরো বিষয়টি সমন্বয় করে আবার আপনাদের জানাব।”
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।