বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায় শেষ হলো। বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া ছিলেন আপসহীন ও দৃঢ়চেতা এক নেত্রী। প্রায় চার দশকের নির্বাচনী রাজনীতিতে অংশ নিয়ে তিনি কখনও পরাজয়ের মুখ দেখেননি—এটাই তাকে বাংলাদেশের রাজনীতিতে অনন্য করে তোলে।
১৯৯১ থেকে ২০০১ সাল পর্যন্ত অনুষ্ঠিত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রতিবারই পাঁচটি করে আসনে প্রার্থী হন এবং সবগুলোতেই বিজয়ী হন। সর্বশেষ ২০০৮ সালের নির্বাচনে তিনি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনটিতেই জয় পান।
২০১৪ সালের নির্বাচন বিএনপি বয়কট করলে খালেদা জিয়া নির্বাচনের বাইরে থাকেন। পরে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আদেশে ২০১৮ সালের নির্বাচনেও অংশ নিতে পারেননি। বিএনপি ২০২৪ সালের নির্বাচনও বর্জন করে। ফলে ২০১৪ সালের পর থেকে টানা এক দশকের বেশি সময় তিনি নির্বাচনী রাজনীতির বাইরে ছিলেন। তবে দলীয় সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনটি আসন থেকে তার প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি ছিল।
খালেদা জিয়া ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এর মধ্যে ১৯৯৬ সালে তার দ্বিতীয় মেয়াদ ছিল মাত্র এক মাসের। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ১৯৯১ সালের সাধারণ নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে খালেদা জিয়া পঞ্চম জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বেই সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা থেকে সংসদীয় গণতান্ত্রিক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তিত হয়।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর তিনি স্বল্প সময়ের জন্য ষষ্ঠ সংসদের প্রধানমন্ত্রী ছিলেন। পরে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রবর্তনের পর অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি পরাজিত হলে খালেদা জিয়া সংসদে প্রধান বিরোধী দলীয় নেতার দায়িত্ব নেন।
১৯৯৯ সালে জাতীয় পার্টি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোটকে সঙ্গে নিয়ে গঠিত চারদলীয় ঐক্যজোটের নেতৃত্বে ২০০১ সালের নির্বাচনে অংশ নিয়ে তিনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ২০০৮ সালের নির্বাচনের পর তিনি আবারও বিরোধী দলীয় নেতার ভূমিকায় অবতীর্ণ হন।
কোনো নির্বাচনে পরাজয় না দেখা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত হয়ে থাকল।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।