সকল মেনু

হাদি হত্যার প্রধান আসামি দেশ ছেড়ে পালিয়েছে: পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল দেশ ছেড়ে পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, হত্যাকাণ্ডের পর পুলিশের নজর এড়িয়ে ফয়সাল ও তার এক সহযোগী সীমান্ত পেরিয়ে ভারতে চলে গেছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ময়মনসিংহ সীমান্ত ব্যবহার করে ফয়সাল ও তার এক সহযোগী অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

হত্যাকাণ্ডটি ছিল সুপরিকল্পিত উল্লেখ করে নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। তাঁদের মধ্যে ছয়জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তাঁরা জানিয়েছেন, কোনো সোনা বা সম্পদ লুটের উদ্দেশ্যে নয়, পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

তদন্তের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী সাত থেকে আট দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দেওয়ার প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী থেকে শুরু করে মাঠপর্যায়ে সরাসরি জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

পুলিশের লক্ষ্য দ্রুততম সময়ে মামলার বিচার নিশ্চিত করা বলেও জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top