সকল মেনু

১৭ বছর পর বাবার সঙ্গে দেশে ফিরছেন জাইমা

দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন জাইমা রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি।

জাইমা রহমানের বয়স যখন ১৩ বছর, তখন বাবার সঙ্গে তাকে দেশ ছাড়তে হয়। সে সময় তার বিরুদ্ধে বা পরিবারের তরফ থেকে কোনো ব্যক্তিগত অপরাধের অভিযোগ না থাকলেও রাজনৈতিক বাস্তবতায় পরিবারসহ নির্বাসনে যেতে বাধ্য হন তিনি।

দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থানের পর এবার বাবার সঙ্গেই একই ফ্লাইটে বাংলাদেশে ফিরছেন জাইমা রহমান। বর্তমানে তার বয়স ৩০ বছর। তিনি যুক্তরাজ্যেই পড়াশোনা ও বেড়ে ওঠেন। লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর ২০১৯ সালে ‘কল টু দ্য বার’ সম্পন্ন করেন। বর্তমানে তিনি একটি স্বনামধন্য ব্রিটিশ ল’ ফার্মে আইনজীবী হিসেবে কর্মরত।

পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও জাইমা রহমান এখনো বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হননি। তবে সম্প্রতি বিএনপির সাইবার টিমের সঙ্গে একটি অনলাইন বৈঠকে তার অংশগ্রহণ এবং সেখানে দেওয়া দিকনির্দেশনা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। পর্যবেক্ষকদের মতে, এতে তার রাজনৈতিক সচেতনতা ও বিশ্লেষণী সক্ষমতার প্রতিফলন দেখা গেছে।

দেশে ফেরার প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছেন জাইমা রহমান। ব্যক্তিগত সফরের অংশ হিসেবে তার পোষা বিড়াল ‘জেবু’কেও সঙ্গে আনার জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top