সকল মেনু

ওসমান হাদির ওপর হামলাকারী মূল আসামি দেশেই আছে: ডিএমপি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর গুলি করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে, মূল আসামি এখন ধরা-ছোঁয়ার বাহিরে থাকলেও দেশেই আছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম অ্যান্ড অপারেশন বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. নজরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ওসমান হাদির ওপর হামলায় সন্দেহভাজন ব্যক্তিদের পাসপোর্ট ইতোমধ্যে ব্লক করা হয়েছে। ইমিগ্রেশন ডাটাবেজ অনুযায়ী তারা এখনো দেশ ছেড়ে পালিয়ে যায়নি।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, হাদির ওপর হামলার ঘটনায় সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত এমন দু’জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে তথ্য নিয়ে তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের করা হয়নি। কারণ, আহতের পরিবারের সদস্যরা বর্তমানে চিকিৎসা নিয়ে ব্যস্ত রয়েছেন। আজ পরিবারের পক্ষ থেকে মামলা না হলে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করবে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে একজন হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক। অপর দু’জন অবৈধ পথে সীমান্ত পারাপারের সঙ্গে জড়িত। তাদের কাছে হামলার বিষয়ে কোনো তথ্য রয়েছে কি না, তা যাচাই করে দেখা হচ্ছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে গণমাধ্যমকে জানানো হবে বলে জানান তিনি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু একজন জুলাই যোদ্ধা হাদিই না, লক্ষ জুলাই যোদ্ধা আছে। তাদের সবাইর নিরাপত্তা দেওয়া সম্ভব না। তবে হাই থ্রেট যাদের আছে, তাদের নিরাপত্তা দেওয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top