সকল মেনু

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ প্রধান উপদেষ্টার

রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি এ ঘটনাকে নির্বাচনী পরিবেশের জন্য ‘অগ্রহণযোগ্য’ ও ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন।

শুক্রবার এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের প্রাক্কালে এমন হামলা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তিনি আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে চিকিৎসার পুরো প্রক্রিয়া ঘনিষ্ঠভাবে তদারকি করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন তিনি।

হামলার ঘটনার পর দ্রুত তদন্ত শুরু এবং জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা এবং হামলার পেছনে কোনো সমন্বিত পরিকল্পনা থাকলে তা চিহ্নিত করার কাজ অবিলম্বে শুরু করতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনকে বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না। জনগণের নিরাপত্তা ও প্রার্থীদের অবাধ চলাচল নিশ্চিত করা সরকারের দায়িত্ব। দোষী যে–ই হোক, আইনের আওতায় আনা হবে।’

তিনি দেশের সব রাজনৈতিক দল, কর্মী–সমর্থক ও নাগরিকদের প্রতি শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে বলেন, আসন্ন নির্বাচন যেন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে—সবারই সে দায়িত্ব রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top