সকল মেনু

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে শ্রীমঙ্গল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন সকাল ৬টা থেকে ৯টার মধ্যে শ্রীমঙ্গলে তাপমাত্রা নেমে আসে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কিছুটা কমলেও ভোরের তীব্র ঠান্ডা মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে।

চা বাগান, হাওর ও পাহাড়ের পরিবেষ্টিত এলাকা হওয়ায় শ্রীমঙ্গলে ভোর থেকেই ঘন কুয়াশা ও শিশিরে ভেজা প্রকৃতি দেখা যায়। এতে স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সন্ধ্যার পর শীত আরও বাড়ছে। গরম কাপড়ের চাহিদাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। বিশেষ করে চা শ্রমিক অধ্যুষিত এলাকার বাজার ও শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকার ফুটপাতে শীতের পোশাক কিনতে ভিড় বেড়েছে।

শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগ— নিউমোনিয়া, সর্দি-কাশি ও হাঁপানি বাড়ছে বলে জানান স্থানীয় চিকিৎসকরা। গত সপ্তাহের তুলনায় শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানান, বৃহস্পতিবার ভোর ৬টা ও সকাল ৯টায় একই তাপমাত্রা— ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top