জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম হঠাৎ করে সাময়িকভাবে স্থগিত করায় সাধারণ নাগরিকদের মাঝে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সোমবার বিকেল ৪টা থেকে এনআইডি সংশোধনের সব কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এনআইডি সংশোধনের কোনো আবেদন গ্রহণ বা নিষ্পত্তি করা হবে না। তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টিং কার্যক্রম শুরু হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
ইসি সূত্র জানিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত ইতোমধ্যে শেষ হয়েছে এবং এখন প্রিন্টিংয়ের কাজ চলছে। এ কারণে সাময়িকভাবে এনআইডি সংশোধন বন্ধ থাকলেও প্রয়োজনীয় কাজ শেষ হলে আবার দ্রুতই এ সেবা চালু করা হবে বলে তারা আশা প্রকাশ করেছে।
তবে হঠাৎ এ সিদ্ধান্তে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে। নাগরিকরা মনে করছেন, ভোটার তালিকা সংশোধন, সংযোজন ও স্থানান্তর একটি চলমান প্রক্রিয়া। এমন সময় সেবা বন্ধ হয়ে গেলে বহু মানুষ গুরুত্বপূর্ণ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হবে এবং এর প্রভাব পড়তে পারে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ওপরও। ইতোমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা ও উদ্বেগ প্রকাশ করছেন অনেকে।
বিশেষজ্ঞদের মতে, নির্বাচনকে কেন্দ্র করে এনআইডি সেবা বন্ধ থাকায় নতুন ভোটার, স্থানান্তর প্রয়োজন এমন ব্যক্তি এবং ভুলত্রুটি ঠিক করতে ইচ্ছুক জনগণের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা মনে করেন, জরুরি প্রয়োজন বিবেচনায় ইসির উচিত ছিল সেবা পুরোপুরি বন্ধ না রেখে সীমিত বা নিয়ন্ত্রিতভাবে চালু রাখা।
জনগণের প্রত্যাশা—নির্বাচনের আগে দ্রুততম সময়ে এনআইডি সেবা পুনরায় চালু করে তাদের ভোগান্তি কমাবে নির্বাচন কমিশন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।