সাংবাদিকদের ওপর হামলা ও বরখাস্তের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।
রোববার (১৯ অক্টোবর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্টে এক পোস্টে তিনি এই উদ্বেগ জানান।
সাদিক কায়েম লেখেন, আজ রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আমার দেশ পত্রিকার সাংবাদিক জাহিদুল ইসলামকে অবরুদ্ধ করে ফোন ও পরিচয়পত্র কেড়ে নেওয়া হয় এবং তাকে মারধর করা হয়।
এ ঘটনায় তিনি তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের ওপর এধরনের নগ্ন হস্তক্ষেপ গণতন্ত্র ও মুক্তমতচর্চার জন্য হুমকিস্বরূপ।
ডাকসু ভিপি আরও উল্লেখ করেন, ছাত্রশিবিরের পাঠানো প্রেস রিলিজ সংবাদে প্রকাশ করায় আরটিভির সাব-এডিটর মাহফুজ উদ্দিন খানকে চাকরিচ্যুত করা হয়েছে।
সাদিক কায়মের ফেসবুক পোস্ট
তার দাবি, গত ৫ আগস্টের পর থেকে বিএনপি নেতা এ কে এম ওয়াহিদুজ্জামান অ্যাপোলো আরটিভির নিয়ন্ত্রণ নেন, তার নির্দেশেই মাহফুজ উদ্দিনকে বরখাস্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, তথ্য ও মত প্রকাশের যে স্বাধীনতার জন্য আমরা এত রক্ত দিলাম, সেই আত্মত্যাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট আচরণ ও সাংবাদিকদের শত্রু মনে করার ফ্যাসিবাদী সংস্কৃতি ফিরিয়ে আনার মাধ্যমে পুনরায় গণমাধ্যমের কণ্ঠরোধের অপপ্রয়াস চলছে।
সাদিক কায়েম সতর্ক করে বলেন, আওয়ামী লীগের ফেলে যাওয়া উচ্ছিষ্ট ফ্যাসিবাদী সংস্কৃতির হাল ধরার চেষ্টা যে বা যারাই করবেন, নতুন প্রজন্মের কাছে তারা দেশ ও গণতন্ত্রের শত্রু হিসেবেই বিবেচিত হবেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।