সকল মেনু

শহিদুল আলমকে আটক করার ঘটনায় জামায়াতের গভীর উদ্বেগ ও নিন্দা

বাংলাদেশি আলোকচিত্রশিল্পী ও লেখক শহিদুল আলমকে ইসরায়েলি বাহিনীর আটক করার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৮ অক্টোবর) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উদ্দেশে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গাজা ফ্রিডম ফ্লোটিলা’ এর জাহাজ কনশানসসহ একাধিক নৌযানকে আন্তর্জাতিক পানিসীমায় আটক করেছে ইসরায়েলি বাহিনী। এ সময় তারা ৯৩ জন সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীকে আটক করে। তাদের মধ্যে বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলমও রয়েছেন।

তিনি বলেন, এই নৌযানগুলো গাজার নিরীহ জনগণের জন্য খাদ্য, পানি ও ওষুধসহ জরুরি মানবিক সহায়তা বহন করছিল। ইসরায়েলের এই অমানবিক ও আন্তর্জাতিক আইনবিরোধী কর্মকাণ্ডে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।

অধ্যাপক পরওয়ার আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইন ও জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক সহায়তা পৌঁছাতে কাউকে বাধা দেওয়া যায় না। দখলদার ইসরায়েল মানবিক ত্রাণবাহী নৌযান আটক করে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে। ইতোমধ্যে বিশ্বজুড়ে এই ঘটনার নিন্দা শুরু হয়েছে। গাজার জনগণের ওপর এ আক্রমণ মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়।

তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবরুদ্ধ গাজাবাসীর জন্য ত্রাণবাহী জাহাজগুলো যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারে, সে বিষয়ে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে হবে। পাশাপাশি আটক বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমসহ সকল মানবাধিকারকর্মীর নিরাপত্তা নিশ্চিত করে তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top