সকল মেনু

বঙ্গভবন থেকে সরানো হলো শেখ মুজিবের ছবি

রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে।

রোববার তিন উপদেষ্টার শপথগ্রহণের সময় পেছনে বঙ্গবন্ধুর ছবি থাকায় অনেকে সমালোচনা করেছিলেন।

সোমবার দুপুর ১২টার দিকে উপদেষ্টা মাহফুজ আলম ফেসবুকে নিজের একটি ছবি শেয়ার করেন। ছবিতে দেখা যায়, উপদেষ্টা শপথগ্রহণের স্থানে দাঁড়িয়ে রয়েছেন।

ছবিটি শেয়ার করে তার ক্যাপশনে উপদেষ্টা মাহফুজ আলম লেখেন, ‘দরবার হল থেকে শেখ মুজিবুর রহমান, ৭১ পরবর্তী ফ্যাসিস্টের ছবি সরানো হয়েছে। এটা আমাদের জন্য লজ্জার যে আমরা ৫ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি। ক্ষমাপ্রার্থী। কিন্তু, মানুষের জুলাইয়ের চেতনা বেঁচে থাকা পর্যন্ত তাকে কোথাও দেখা যাবে না।’

তিনি আরো লেখেন, ‘শেখ মুজিব এবং তার কন্যা বাংলাদেশের জনগণের সাথে যা করেছেন তার জন্য আওয়ামী লীগকে অবশ্যই স্বীকার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে। অগণতান্ত্রিক ৭২ এর সংবিধান থেকে শুরু করে দুর্ভিক্ষ, বিলিয়ন কোটি টাকা পাচার এবং হাজার হাজার ভিন্নমতাবলম্বী ও বিরোধীদের ১৯৭২ থেকে ১৯৭৫ আর ২০০৯ থেকে ২০২৪ বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে৷ তাহলে আমরা ৭১-এর আগের শেখ মুজিবের কথা বলতে পারি। ফ্যাসিস্টদের বিচার ছাড়া কোনো ধরনের ক্ষমা ও পুনর্মিলন হবে না।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top