সকল মেনু

উপকূলে রেমালের আঘাত

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় রেমালের আঘাত শুরু হয়েছে। রোববার সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত শুরু করেছে। এর প্রভাবে উপকূলে ভারী বর্ষণের পাশাপাশি তীব্র বাতাস বইছে।

আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্রের উপপরিচালক মো. শামীম আহসান রোববার রাত সোয়া আটটার দিকে এক ব্রিফিংয়ে বলেছেন, বঙ্গোপসাগরের প্রবল ঘূর্ণিঝড় রিমাল উপকূলে আঘাত করেছে। রাত আটটার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ–পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করেছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্র আরও উত্তর দিকে সরে এক থেকে দুই ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের এই পরিচালক বলেছেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের প্রতিটি জেলায় ঝোড়ো হাওয়াসহ ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। তিনি বলেন, ঘূর্ণিঝড়টির আকার প্রায় ৪০০ কিলোমিটার। এর অগ্রভাগ আজ সন্ধ্যা ছয়টার দিকেই খুলনা উপকূলের কাছে সুন্দরবনের দিকে প্রবেশ করে। এর প্রভাবে উপকূলে ব্যাপক বৃষ্টি হয়।

উপকূলীয় ১৫টি জেলায় ৮ থেকে সর্বোচ্চ ১২ ফুট পর্যন্ত উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

উপকূল অতিক্রম করছে প্রবল ঘূর্ণিঝড় রেমাল। এ অবস্থায় দেশের ৮ বিভাগেই ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের তিন বিভাগ ও তিন জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ প্রশমিত হওয়ার আভাস দিয়েছে সংস্থাটি।

সোমবার (২৭ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে।

প্রবল ঘূর্ণিঝড় রেমাল ক্রমশ উত্তরদিকে অগ্রসর হয়ে মোংলার দক্ষিণপশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ-খেপুগাড়া উপকূল অতিক্রম করছে। প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে পরবর্তী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে ১৬ জেলার উপকূল ১২ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

আবহাওয়ার ১৭ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলের বিভিন্ন এলাকার প্রায় ২৬ লাখ গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। উপকূলীয় অঞ্চলগুলোতে ঝোড়ো বাতাসে গাছ পড়ে দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখেছে পল্লী বিদ্যুৎ।

রোববার (২৬ মে) দিবাগত রাতে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি জানিয়েছেন।

ঘূর্ণিঝড় রেমাল এখন পর্যন্ত পটুয়াখালীর উপকূলে সর্বোচ্চ ১০২ কিলোমিটার গতিবেগে আঘাত হেনেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, এটি প্রবল ঘূর্ণিঝড় হওয়ায় গতি ৯০ থেকে ১১৮ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করতে পারে।

ঘূর্ণিঝড় সাধারণত উপকূলে পৌঁছানোর পর দুর্বল হয়ে পড়ে, তবে রেমাল তীব্রতা ধরে রেখে উপকূলের ওপর দিয়ে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ঘূর্ণিঝড়টি আরও কয়েক ঘণ্টা তীব্রতা বজায় রাখবে।

রোববার (২৬ মে) দিবাগত রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানান।

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় রেমাল সামান্য উত্তরদিকে অগ্রসর হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়টি মোংলার দক্ষিণপশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ খেপুপাড়া উপকূল অতিক্রম অব্যাহত রেখেছে। প্রবল ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে পরবর্তী ৩-৪ ঘণ্টার মধ্যে উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কাও দেখা দিয়েছে।

আবহাওয়ার ১৬ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

ঘূর্ণিঝড় রেমাল খুলনার উপকূলে আঘাত হেনেছে। রোববার (২৬ মে) রাত সাড়ে ১০টার পর থেকে খুলনার উপকূলে তাণ্ডব চালিয়ে যাচ্ছে। ঝড়ো বৃষ্টির সঙ্গে বইছে দমকা হাওয়াও।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আবহাওয়াবিদ মো. আমিরুল আজাদ বলেন, ঘূর্ণিঝড় রেমাল রাত সাড়ে ১০টায় খুলনাসহ উপকূলে আঘাত হানতে শুরু করে। এখনও তাণ্ডব চলছে। কয়রা উপকূলে ১০০ কিলোমিটার বাতাসের গতিবেগ রয়েছে। আর খুলনার অন্যান্য স্থানে ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে বাতাস বইছে। সঙ্গে বৃষ্টি হচ্ছে। আরও ২-৩ ঘণ্টা এভাবে চলবে।

প্রবল ঘূর্ণিঝড় রেমাল প্রতি ঘণ্টায় ১৫ থেকে ১৮ কিলোমিটার বেগে উপকূল অতিক্রম করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি আশঙ্কা করছে, রোববার দিবাগত মধ্যরাতে বাতাসের গতি ও বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে। জোয়ারের সময় ঝড়টি উপকূল অতিক্রম করায় জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে।

রোববার (২৬ মে) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক সংবাদ মাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

ঘূর্ণিঝড় রেমাল উপকূলে আঘাতের প্রভাবে বরিশাল বিভাগের সবগুলো নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর প্রভাবে বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকেছে শতাধিক গ্রামে। তলিয়ে গেছে সেসব গ্রামের ফসলের মাঠ।

রোববার (২৬ মে) রাতে আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ড থেকে এসব তথ্য জানা গেছে। স্থানীয় আবহাওয়া অফিস আশঙ্কা করছে, পানির প্রবাহ তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত উঁচু হতে পারে।

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হয়েছে পটুয়াখালীর কলাপাড়ায়। সকাল থেকে থমথমে পরিবেশ থাকলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গেই ঝড়ো হাওয়াসহ মষুলধারে বৃষ্টি শুরু হয়েছে। ৯টা থেকে তাণ্ডব শুরু হয়েছে। সময় যত গড়াচ্ছে ঘূর্ণিঝড় রেমালের ভয়াবহ রূপ আরও বাড়ছে। তবে প্রশাসনের তৎপরতায় উপকূলের অধিকাংশ বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সমুদ্রে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট বৃদ্ধি পেয়েছে।

ঘূর্ণিঝড় রেমাল বর্তমান অবস্থা থেকে উত্তর দিকে এগিয়ে এসে সর্বোচ্চ ৬ ঘণ্টার মধ্যে উপকূল ছাড়বে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (২৬ মে) রাতে আবহাওয়ার ১৫ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হয়েছে বরগুনায়। সকাল থেকে থেমে থেমে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও রাত বাড়ার সঙ্গে সঙ্গেই ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তবে প্রশাসনের তৎপরতায় উপকূলের অধিকাংশ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হয়েছে।

ত্রাণ প্রতিমন্ত্রী ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। রোববার (২৬ মে) রাত সাড়ে ৯টায় আবহাওয়া অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ঘূর্ণিঝড় রেমালের কারণে দুর্গত এলাকায় সোমবার (২৭ মে) সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কেন্দ্র উপকূলে প্রবেশ করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তরে। রাত সাড়ে ৯টার দিকে একটি জোয়ার রয়েছে। সেই জোয়ারের সময় ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় এলাকায় ৮-১২ ফুটের জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে।

প্রবল ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির প্রভাবে করণীয় নিয়ে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রোববার (২৬ মে) ঘূর্ণিঝড় বিষয়ক এ বৈঠকে সভাপতিত্ব করেন মোদি।

উপকূল অতিক্রম করছে ঘূর্ণিঝড় ‘রেমালের’ কেন্দ্র

প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর কেন্দ্র উপকূল অতিক্রম করতে শুরু করেছে। রোববার (২৬ মে) সন্ধ্যা ৬টার পর থেকে এটি বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করে। এর আগে বিকেল থেকেই রেমালের অগ্রভাগ উপকূল তীরবর্তী অঞ্চলে প্রভাব ফেলতে শুরু করে।

ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিতে এগোচ্ছে রেমাল, আঘাত রাতে

বাংলাদেশের দিকে ধেয়ে আসতে থাকা বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল ঘণ্টায় ১২০ কিলোমিটার বাতাসের শক্তি নিয়ে উপকূলের ১৮০ কিলোমিটারের মধ্যে পৌঁছেছে। ভারতের আবহাওয়া বিভাগের কর্মকর্তারা বলেছেন, গত ছয় ঘণ্টায় এই ঝড়টির এগিয়ে আসার গতি তার আগের সময়ের তুলনায় বেড়েছে।

রোববার সন্ধ্যা ৬ টা থেকে ১১টার মধ্যে বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের উপকূলীয় এলাকা হয়ে স্থলভাগে আঘাত হানতে পারে রেমাল।

ভারতের আবহাওয়া বিভাগের বিজ্ঞানী সোমনাথ দত্ত বলেছেন, ঘূর্ণিঝড় রেমাল গত ৬ ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে উত্তর বঙ্গোপসাগরের দিকে ধেয়ে আসছে। বর্তমানে বাংলাদেশের খেপুপাড়ার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণিঝড়টি। সেখানে ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৯৫ থেকে ১০৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে।

বাংলাদেশ উপকূলের আরো কাছে চলে এসেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রেমাল’। সবশেষ অবস্থান অনুযায়ী ঘূর্ণিঝড়টি পায়রা সমুদ্র বন্দর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রাম মহানগরসহ উপকূলীয় এলাকায় সকাল থেকেই ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। এ অবস্থায় প্রবল ঘূর্ণিঝড় আঘাতের আশঙ্কায় জানমাল বাঁচাতে চট্টগ্রামের উপকূল ছাড়তে শুরু করেছেন বাসিন্দারা। উপকূলের নিজ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছেন তারা।
উত্তর দিকে সরছে ঘূর্ণিঝড় রেমাল, লণ্ডভণ্ড হতে পারে মোংলা

বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল উত্তর দিকে সরছে এবং এটি ওইদিকে আরও সরতে থাকবে। এরপর রোববার (২৬ মে) রাতে এটি বাংলাদেশের খেপুপাড়া ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝামাঝি অঞ্চল দিয়ে মোংলার পাশ দিয়ে অতিক্রম করবে।

‘চোখ’ ফুটেছে ঘূর্ণিঝড় রেমালের, তাণ্ডবের আশঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের কেন্দ্রে ‘চোখ’ অবয়ব দেখা গেছে। ফলে এটি ব্যাপক শক্তি নিয়ে উপকূলে আঘাত হানার আশঙ্কা তৈরি হয়েছে। ঘূর্ণিঝড়ের চোখ কী— জানতে চাইলে বিডব্লিউওটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, একটি সাইক্লোন যখন সংঘটিত হয় তখন আশপাশের মেঘগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। মেঘগুলো যখন ধীরে ধীরে সংকুচিত হয়ে আসে তখন এর প্রধান কেন্দ্র প্রচণ্ড গরম থাকে। গরমের ফলে ওই জায়গায় প্রচণ্ড শক্তি তৈরি হয়। এর ফলে নিচ থেকে জলীয় বাষ্পগুলো উপরের দিকে উঠে আসে। তখন উপরের জায়গা পরিষ্কার হয়ে যায়। এই অবস্থাকেই ঘূর্ণিঝড়ের ‘চোখ’ তৈরি হয়েছে বলা হয়। এমন অবস্থা তৈরি হলে চারপাশের মেঘগুলো ঘুরে ঘুরে মাঝখানে একটা চোখের মতো অবয়ব তৈরি করে। এটি মূলত একটি শক্তিশালী সাইক্লোনের লক্ষণ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top