বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লাভজনকভাবে চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিমান বর্তমানে লাভজনকভাবে চলছে। সীমিত সংখ্যক উড়োজাহাজ ও আরও বেশ কিছু সীমাবদ্ধতার মধ্যেও যাত্রী সেবা দিয়ে চলছে। সীমাবদ্ধতা দূর করে এই সেবা কীভাবে আরও উন্নত করা যায় তা নিয়ে আমরা কাজ করছি। নতুন বিমান কেনা নিয়েও চিন্তাভাবনা চলছে। বিমানের সমস্যাগুলো এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে এবং তা দূর করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
পর্যটক বাড়াতে বাংলাদেশ-ভারত যৌথভাবে পর্যটন মেলা আয়োজনের উদ্যোগ নিয়েছে জানিয়ে বিমান ও পর্যটন মন্ত্রী বলেন, ‘পর্যটন শিল্পে দুই দেশের মধ্যে সহযোগিতা কীভাবে আরও বাড়ানো যায়, বিশেষ করে ভারত থেকে আরও বেশি পর্যটক কীভাবে বাংলাদেশে আসতে পারে- সে বিষয়ে আমরা আলোচনা করেছি। পর্যটক বাড়াতে বাংলাদেশ ও ভারত যৌথভাবে দুই দেশে পর্যটন মেলা আয়োজনের উদ্যোগ নেবে। পর্যটকদের জন্য দুই দেশের মধ্যে ভিসা সহজ করার বিষয়েও কথা হয়েছে।’
তিনি বলেন, ‘সিভিল এভিয়েশন ও পর্যটন শিল্পে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের বন্ধুত্ব আরও শক্তিশালী হবে। এই দুই খাতে সম্পর্ক বাড়ানোর ব্যাপারে ভারতের পক্ষ থেকে আমাদেরকে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা সেগুলো বিবেচনা করবো। এছাড়াও দুই দেশের মধ্যে আকাশপথে যোগাযোগ আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।