ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন এলাকায় বায়ুদূষণ ও তাপমাত্রা কমাতে গবেষণার মাধ্যমে এর কারণ ও প্রতিকার খুঁজে বের করার জন্য তিন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে ডিএনসিসি।
সংস্থা তিনটি হলো সেন্টার ফর অ্যাটমসফরিক পলিউশন স্টাডিজ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ঢাকা নর্থ কমিউনিটি টাউন ফেডারেশন।
বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশান-২ নম্বরে নগর ভবনের পরিষদের ২৫তম করপোরেশনের সভায় বিষয়টি অনুমোদিত হয়।
এ বিষয়ে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ঢাকা শহরে তাপমাত্রা দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি ঢাকার বায়ুদূষণ অনেক বেশি। আমরা এরই মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। তাপমাত্রা নিয়ন্ত্রণে ও বায়ুদূষণ রোধে এটি ভূমিকা রাখবে। তিনটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির ফলে গবেষণা করে বায়ুদূষণ রোধে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে আরও কি কি করণীয় সে বিষয় সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। শহরের পরিবেশ রক্ষায় এ সমন্বিত উদ্যোগ ভূমিকা রাখবে।
শুরুতে ২০২৪ সালের প্রথম করপোরেশন সভা উপলক্ষে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম কাউন্সিলর ও কর্মকর্তাদের ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানান। একই সঙ্গে টানা চতুর্থবার ও রেকর্ড পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।