সকল মেনু

মিরসরাইয়ে সড়কে প্রাণ গেলো ৩ মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোটকমলদহ বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে জনি (১৬), একই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কমলদহ বাইপাস পার হওয়ার সময় সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক দেখে ব্রেক করতেই উল্টে যায় মোটরসাইকেল। ডিভাইডারে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এ সময় আরও একজন আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই বাইপাস পার হয়ে নিজামপুর যাচ্ছিলেন।

তিনজন নিহতের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা।

তিনি বলেন, আমি মাত্র ঘটনাস্থলে এসেছি। তিনজন মোটরসাইকেল আরোহীর মরদেহ ঘটনাস্থলে পড়ে আছে। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত করতে পারিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top