সকল মেনু

খালেদার চিকিৎসায় ঢাকায় আসছেন ৩ মার্কিন চিকিৎসক

দীর্ঘদিন চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দিতে আমেরিকা থেকে তিন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন বুধবার। জন হপকিংস হাসপাতাল থেকে তারা বাংলাদেশে আসবেন বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র মারফত জানা যায়, সরকারের পক্ষ থেকে তাদের বাংলাদেশে আসার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। তার বিদেশে উন্নত চিকিৎসার জন্য পরিবার ও দলের পক্ষ থেকে বারবার সরকারের কাছে বলার পরও কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তিনি দুই মাসের অধিক সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। পরিবার ও দলের পক্ষ থেকে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসক আনার জন্য চেষ্টা করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার ভোর পৌনে ৪টায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে সেখানে নেয়া হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

খালেদা জিয়ার চিকিৎসক বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, সোমবার রাত সাড়ে তিনটার দিকে খালেদা জিয়াকে সিসিইউতে নেয়া হয়।

গত ৯ আগস্ট থেকে দুই মাসের বেশি সময় ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। বিএনপি নেত্রীর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, খালেদা জিয়ার জীবন ঝুঁকির মধ্যে আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top