সকল মেনু

‘একে একে সংসদ সদস্যরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জন্মিলে মরিতে হবে তা আমরা জানি, তবে এই সংসদের শেষ সময়ে এসে একে একে সংসদ সদস্যরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন। এটা আমাদের জন্য সত্যিই কষ্টকর।

রবিবার (২২ অক্টোবর) সংসদে আনীত শোক প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি লক্ষ্মীপুর-৩ আসনের সদস্য একেএম শাহজাহান কামাল, পটুয়াখালী-১ আসনের সদস্য শাহজাহান মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সদস্য মো. আব্দুস সাত্তার ভূঞার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

সংসদে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ এবং দেশের সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলনে সংসদ সদস্য একে এম শাহজাহান কামাল ও শাহজাহান মিয়া সব সময় সক্রিয় ছিলেন। এই দুই জন ছিলেন তুখোড় ছাত্রনেতা এবং বীর মুক্তিযোদ্ধা। আন্দোলন সংগ্রামে আমাদের সব সময়ের সহযোদ্ধা।

প্রধানমন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকেই দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই এই সংসদ সদস্যদের অবদান রয়েছে। এটাই হয়তো আমাদের এই আমলের শেষ অধিবেশন। আর সেই অধিবেশনটা শুরু করতেই হলো কয়েকজন সংসদ সদস্যের মৃত্যুর সংবাদ দিয়ে। এটা খুবই দুঃখজনক।

তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে বিশেষ করে আইন প্রণয়ন এবং মানুষের কল্যাণে সংসদ সদস্যদের যে অবদান রয়েছে, এজন্য তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের পরিবারের সদস্য ও আমাদের যারা নেতাকর্মী দীর্ঘদিন এ সংসদ সদস্যদের সঙ্গে কাজ করেছে, তাদের প্রতিও সমবেদনা জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top