বিশ্বকাপে নিজেদের পঞ্চম জয়ের লক্ষ্যে রবিবার (২২ অক্টোবর) ধর্মশালায় মুখোমুখি হয় ভারত ও নিউজিল্যান্ড। কিউইদের ছুড়ে দেয়া ২৭৩ রানের জবাবে ব্যাট করতে নেমে বিরাট কোহলির ৯৫ রানের সুবাদে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। ফলে ৪ উইকেটের জয়ের সুবাদে টানা পাঁচ ম্যাচ জিতে টেবিলের শীর্ষস্থানে উঠে এল ভারত।
এছাড়াও ওয়ানডে ক্রিকেটে দ্রুততম দুই হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতীয় ওপেনার শুভমান গিল। মাত্র ৩৮ ইনিংস খেলেই তিনি এই কীর্তি গড়েন। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ড্যারেল মিচেলের সেঞ্চুরি এবং রাচিন রবীন্দ্রের ফিফটির পরও সবগুলো উইকেট হারিয়ে ২৭৩ রান করে নিউজিল্যান্ড। বিশ্বকাপে প্রথম মাঠে নামা মোহাম্মদ শামির অসাধারণ বোলিংয়ে শেষ ছয় ওভারে ৬ উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলতে সক্ষম হয় কিউইরা। ৫৪ রানের খরচে ৫ উইকেট তুলে নেন শামি।
ধর্মশালায় রবিবার কিউইদের দেয়া ২৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বরাবরের মত রোহিত-গিলের জুটির উপর ভর করে ভালো শুরু পায় ভারত। ১২তম ওভারের প্রথম বলেই দলীয় ৭১ রানে লকি ফার্গুসেনের করা বলে হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা। মাত্র চার রানের জন্য ক্যারিয়ারের ৫৪ তম ফিফটি হারান এই ওপেনার। তার ঠিক পাঁচ রান পরেই লকির দ্বিতীয় শিকারে পরিণত হন আরেক ওপেনার গিল।
ফেরার আগে করেন ২৬ রান আর এর আগেই ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দ্রুততম ২ হাজার রানের কীর্তি গড়েন। তার আগে রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার (৪১ ইনিংস)। ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি শ্রেয়াস আইয়ার। বোল্টের বলে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৩৩ রান। এরপর লোকেশ রাহুলের সঙ্গে জুটি বেধে দলকে এগিয়ে নিয়ে যান কোহলি। মিচেল স্যান্টনারের বলে লেগ বিফোরের ফাঁদে পরে ফেরার আগে রাহুল করেন ২৭ রান।
এরপর ভুল বোঝাবুঝির কারণে রানআউট হয়ে ফিরে যান সুর্যকুমার যাদবও। কিন্তু ক্রিজের একপ্রান্তে অবিচল কোহলি তুলে নেন বিশ^কাপে নিজের দ্বিতীয় ফিফটি। কোহলিকে যোগ্য সঙ্গ দেন সাতে নামা রবীন্দ্র জাদেজা। শেষপর্যন্ত তাদের ৭৮ রানের জুটিতে ৪ উইকেটের সহজ জয় পায় ভারত। কোহলির ব্যাট থেকে আসে ১০৪ বলে অনবদ্য ৯৫ রান। অন্যদিকে জাদেজা করেন ৪৪ বলে ৩৯ রান। কিউইদের হয়ে লকি ফার্গুসন দুটি, হেনরি, স্যান্টনার ও বোল্ট একটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। রানের খাতা খোলার আগেই কিউই ওপেনার ডেভন কনওয়েকে বিদায় করেন মোহাম্মদ সিরাজ। নবম ওভারে আরেক ওপেনার উইল ইয়ংকে ১৭ রানে থামান সামি। ১৯ রানে দুই ওপেনারের বিদায়ের পর ভারতীয় বোলারদের সামনে প্রতিরোধ গড়ে তুলেন রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল। তৃতীয় উইকেটে মিচেলের সাথে ১৫২ বলে ১৫৯ রান দলকে উপহার দেন রবীন্দ্র। বিশ^কাপে ভারতের বিপক্ষে যেকোন উইকেটে এটিই নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানের জুটি। এতে ভেঙে যায় ৪৪ বছরের পুরনো রেকর্ড।
৬টি চার ও ১টি ছক্কায় ৮৭ বলে ৭৫ রান করেন বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা রবীন্দ্র। রবীন্দ্রের বিদায়ে উইকেটে এসে দুই অঙ্কের কোটা পার করতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম। কুলদীপের প্রথম শিকার হয়ে ৫ রানে আউট হন তিনি। এরপর গ্লেন ফিলিপসকে নিয়ে ৪১তম ওভারে ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নেন মিচেল। বিশ্বকাপে ভারতের বিপক্ষে চার নম্বরে নেমে সেঞ্চুরি করা চতুর্থ ব্যাটার হলেন মিচেল। ফিলিপসের বিদায়ের পর অন্যপ্রান্তে মিচেল থাকলেও দ্রুত রান তুলতে পারেননি তিনিও।
শেষপর্যন্ত মোহাম্মদ শামির তোপে ৫০ ওভারে ২৭৩ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। শেষ ৬ ওভারে ৬ উইকেটে হারিয়ে মাত্র ৩০ রান তুলতে পারে নিউজিল্যান্ড। ৯ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারিতে ১২৭ বলে ১৩০ রান করেন মিচেল। শামি ১০ ওভারে ৫৪ রানে ৫ উইকেট নেন। ৯৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয়বারের মত ইনিংসে পাঁচ উইকেট নিলেন শামি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।