ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার এক হাসপাতালে মঙ্গলবার (১৭ অক্টোবর) ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ৫০০ জন নিহত হয়েছে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। একইসঙ্গে এই ঘটনায় নিরাপত্তা উপদেষ্টাদের আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলেছেন তিনি।
বুধবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার বলেছেন, তিনি গাজার একটি হাসপাতালে মারাত্মক বিস্ফোরণে ‘ক্ষুব্ধ’ হয়েছেন এবং নিরাপত্তা উপদেষ্টাদের এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য সংগ্রহ করতে বলেছেন।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, ফিলিস্তিনি ইসলামিক জিহাদের যোদ্ধাদের নিক্ষেপ করা রকেট ওই হাসপাতালে আঘাত হেনেছে।
বাইডেন বলেছেন, হাসপাতালে হামলা ও প্রাণহানির ‘খবর শোনার সাথে সাথে’ তিনি জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে কথা বলেছেন। এছাড়া ‘গাজায় ঠিক কী ঘটেছে সে সম্পর্কে জাতীয় নিরাপত্তা দলকে তথ্য সংগ্রহ চালিয়ে যাওয়ার’ নির্দেশও দেয়ার কথা জানিয়েছে তিনি।
প্রেসিডেন্ট বাইডেন আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র সংঘাতের সময় বেসামরিক মানুষের জীবনের সুরক্ষার জন্য দ্ব্যর্থহীনভাবে দাঁড়িয়েছে এবং আমরা এই ট্র্যাজেডিতে নিহত বা আহত রোগী, চিকিৎসা কর্মী এবং অন্যান্য নিরপরাধ ব্যক্তিদের জন্য শোক জানাই।’
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।