আমেরিকান প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল এদেশে একটি সুষ্ঠু নির্বাচন আশা করে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল।
মঙ্গলবার (১০ অক্টোবর) দলটির সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের একথা জানান তিনি।
সিইসি বলেন, আজ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনী পযবেক্ষণ মিশনের (পিইএএম) কাছে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ করতে করণীয় পদক্ষেপগুলো তুলে ধরেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার সকালে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে আড়াই ঘণ্টা বৈঠক করে প্রতিনিধি দলটি।
পরে বৈঠকের মূল আলোচনার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, মূল ফোকাসটা হচ্ছে ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, পিসফুল ইলেকশন।…প্রতিনিধিরা যা যা জানার সব জেনেছেন; আমরা বোঝাতে পেরেছি। এখন তারা সিদ্ধান্ত নেবে অবজারভার টিম পাঠাবে কি পাঠাবে না। পাঠালে কবে পাঠাবে।
জাতীয় সংসদ নির্বাচনের আগে পরিস্থিতি যাচাই করতে শনিবার ঢাকায় পৌঁছায় যুক্তরাষ্ট্রের ছয় সদস্যের এই প্রাকনির্বাচনী পর্যবেক্ষক দল। আগামী শুক্রবার পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন।
নির্বাচন কমিশনের সঙ্গে বসার আগে তারা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠক করেছেন।
এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, গণমাধ্যম এবং ঢাকার বিদেশি মিশনের কূটনীতিকদের সঙ্গেও তাদের বসার কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় অর্থায়নে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) যৌথভাবে এই সমীক্ষা মিশন পরিচালনা করছে।
সফর শেষ হলে এই পর্যবেক্ষণ দলের তরফ থেকে একটি বিবৃতি দেওয়ার কথা রয়েছে। নির্বাচন আয়োজন বিষয়ে তাদের যদি কোনো উদ্বেগ থাকে, তা জানানোর পাশাপাশি সুপারিশ থাকলে তাও তারা জানাবে।
নির্বাচন কমিশনের সঙ্গে মঙ্গলাবার নির্ধারিত বৈঠক শেষে সিইসি জানান, জানান, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি প্রি-ইলকেশন এসেসমেন্ট মিশন (মার্কিন সরকারের প্রতিনিধি নয়) এসেছে। এরইমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারের দপ্তরের সঙ্গে তারা বৈঠক করেছেন।
“দলটি এসেছে মূলত প্রিএসেমেন্টের জন্য। তারা কি করবে আমরা জানি না। আমাদের সাথে যে প্রশ্নগুলো হয়েছে আমাদেরিইলেকশন কমিশনের রুল, দায়িত্ব, একটিভিটিজ সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন। আমরা সব বুঝাতে পেরেছি বলে মন্তব্য করেন কাজী হাবিবুল আউয়াল।
বৈঠকে ইসি, সরকারের ভূমিকাসহ নির্বাচন প্রক্রিয়ার সার্বিক বিষয় তুলে ধরা হয়েছে কমিশনের পক্ষ থেকে।
সিইসি বলেন, “ইসির কি রুল প্লে করে, গর্ভমেন্টের রুল কতটুকু, কিভাবে প্লে করে; সরকারের সাথে ইলেকশন কমিশনের কো-অর্ডিনেশন কিভাবে হয়, যার মাধ্যমে পুরো ইলেকশন প্রসেসটা তুলে নিয়ে আসি- তাদেরকে জানিয়েছি। তারা যা যা জানতে চেয়েছেন, জেনেছেন। এখন জেনে কি করবেন আমরা জানি না। পরে হয়ত দেশে ফিরে গিয়ে এটা পযালোচনা করে হয়ত সিদ্ধান্ত নেবেন, তারা কোনো অবজারভার টিম পাঠাবেন কি পাঠাবেন না। পাঠালে কিভাবে পাঠাবে।”
এর চেয়ে বেশি কিছু বলতে চান নি সিইসি।
মূল ফোকাসটা কি ছিল জানতে চাইলে সিইসি কাজী হাবিুল আউয়াল বলেন, “তারা এসেসমেন্ট করতে এসেছে। মূল ফোকাসটা হচ্ছে ফ্রি, ফেয়ার, পার্টিসিপেটরি, পিসফুল ইলেকশন”।
আগামী ডিসেম্বরের মাসের শেষ সপ্তাহে বা জানুয়ারির প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন হবে।
এ নির্বাচনকে ঘিরে বিবদমান রাজনৈতিক পরিস্থিতিতে জুলাইয়ে ইইউরোপীয় ইউনিয়নের একটি পযবেক্ষণ টিমও এসেছিল। তারা ইতোমধ্যে বাজেট স্বল্পতার কারণে পযবেক্ষক না পাঠানোর বিষয়টি তুলে ধরেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।