যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ইউক্রেনে ব্রিটিশ সামরিক প্রশিক্ষক মোতায়েনের কোনো আশু পরিকল্পনা তাঁর সরকারের নেই।
রবিবার ম্যানচেস্টারে সাংবাদিকদের কাছে সুনাক এসব কথা বলেন। অবশ্য গতকালই তাঁর সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে সামরিক প্রশিক্ষণ দিতে ব্রিটিশ সেনারা ইউক্রেনে যেতে পারেন।
রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের ঝুঁকি কমাতে ইউক্রেনে এখন পর্যন্ত আনুষ্ঠানিক সামরিক উপস্থিতি এড়িয়ে চলছে যুক্তরাজ্য ও তার মিত্ররা।
গত মাসে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান গ্রান্ট শ্যাপস। তিনি গতকাল দ্য সানডে টেলিগ্রাফ পত্রিকাকে একটি সাক্ষাৎকার দেন। এতে শ্যাপস বলেন, তিনি ইউক্রেনে ব্রিটিশ সামরিক প্রশিক্ষক মোতায়েন করতে চান।
শ্যাপসের সাক্ষাৎকারটি প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মাথায় সুনাক বলেছেন, ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানোর কোনো আশু পরিকল্পনা তাঁর সরকারের নেই।
ম্যানচেস্টারে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলনের শুরুতে সুনাক সাংবাদিকদের বলেছেন, তাঁর সরকারের প্রতিরক্ষামন্ত্রী যা বলেছেন তা হলো, ভবিষ্যতে কখনো যুক্তরাজ্যের পক্ষে ইউক্রেনে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হতে পারে।
সুনাক আরও বলেছেন, এটা একটা দীর্ঘমেয়াদি বিষয়। এটা এখনকার বিষয় নয়। বর্তমানে যুদ্ধ করার জন্য কোনো ব্রিটিশ সেনা পাঠানো হবে না।
ইউক্রেনে ব্রিটিশ সেনা পাঠানোর বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, কোনো ব্রিটিশ সেনা ইউক্রেনে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিলে তাঁরা রুশ বাহিনীর হামলা বৈধ লক্ষ্যবস্তু হবেন।
যুক্তরাজ্যসহ অন্যান্য পশ্চিমা দেশে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এভাবে গত এক বছরে প্রায় ২০ হাজার ইউক্রেনীয় সেনাকে সামরিক প্রশিক্ষণ দিয়েছে যুক্তরাজ্য। তারা ভবিষ্যতেও একইভাবে সমসংখ্যক ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিতে চায়।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।