সকল মেনু

শান্তিপ্রিয় মনোভাবকে দুর্বলতা ভাববেন না: বিএনপিকে শেখ পরশ

বাংলাদেশ আওয়ামী যুবলীগের শান্তিপ্রিয় মনোভাবকে দুর্বলতা না ভাবতে বিএনপির প্রতি হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ।

রোববার (৩০ জুলাই) বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে শান্তি সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

শেখ পরশ বলেন, কয়লা ধুলে ময়লা যায় না। বিএনপি যতই সাধু সাজার চেষ্টা করুক তাদের আসল চেহারা কিন্তু বের হয়ে আসছে। ভিসানীতি ঘোষণার পরই তারা গত মাসে চট্টগ্রামে সমাবেশ শেষে ফেরার পথে রাতের অন্ধকারে বাস পুড়িয়েছে, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ছবি নিয়ে তৈরি ম্যুরালে ভাঙচুর চালিয়েছে এবং যানমালের ক্ষতিসাধন করেছে। গত জুন মাস থেকে এ পর্যন্ত বিএনপি-জামায়াত আমাদের চার-পাঁচ জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করেছে।

তিনি বলেন, আমরা তাদের শুধু সতর্ক করে বলতে চাই- আপনারা এদেশের শান্তিপ্রিয় নাগরিকদের জানমালের ক্ষতি করবেন, তাদের গায়ে হাত তুলবেন আর যুবলীগ বসে বসে আঙুল চুষবে, এটা আপনারা কল্পনা করতেও পারবেন না। দমন-পীড়ন করলে যুবলীগের নেতাকর্মীরা ঠান্ডা হয়ে বসে থাকবে না। এ সংগঠনের নেতাকর্মীদের দুর্বল ভাববেন না। আর একবার হাত তুলে দেখেন, সেই হাত আমরা ভেঙে দেবো। যুবলীগের নেতাকর্মীরা এদেশের অগ্রযাত্রায় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

তিনি যুবলীগ নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আমি আপনাদের আহ্বান জানাবো, আপনারা সজাগ এবং সচেতন থাকবেন। একই সঙ্গে সতর্ক থাকবেন।

ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজার সঞ্চালনায় শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন- যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, প্রেসিডিয়াম সদস্য অ্যাড. মামুনুর রশীদ, মঞ্জুর আলম শাহীন, মো. রফিকুল ইসলাম, মো. হাবিবুর রহমান পবন, মো. এনামুল হক খান, ড. সাজ্জাদ হায়দার লিটন, মো. মোয়াজ্জেম হোসেন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, মো. জসিম মাতুব্বর, মো. আনোয়ার হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুর রহমান সোহাগ, আবু মুনির মো. শহিদুল হক চৌধুরী রাসেল, মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী ও দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top