ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান হারুন অর রশীদ জানিয়েছেন, বিএনপি তাদের কর্মসূচির মাধ্যমে অরাজকতা করবে বলে গোয়েন্দা তথ্য ছিল। তিনি বলেন, আমরা আগে থেকেই আঁচ করছিলাম, তারা কোনো এক সময় অরাজকতা সৃষ্টি করবে। তারা প্রতিবারই প্রোগ্রাম করার আগে অনুমতি গ্রহণ করেছে এবং আগের প্রোগ্রামগুলোতে অনুমতি তাদের দেওয়াও হয়েছে।
শনিবার (২৯ জুলাই) বিকেলে মিন্টো রোডের ডিবি কার্যালয়ের গেটের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
ডিবিপ্রধান বলেন, ঢাকার চারপাশ বন্ধ করে বিএনপি যে সমাবেশ করে বসে পরার কর্মসূচি নিয়েছিল। ঢাকার চারপাশের যান চলাচল স্বাভাবিক রাখার জন্য ডিএমপি কমিশনার কর্মসূচির অনুমতি নেই বলে মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন। তারা কোনো অনুমতি না পেয়েও আমাদের পুলিশের গায়ে আঘাত করেছে, গাড়ি ভাঙচুর করেছে, গাড়িতে আগুন দিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের কাছে এমন একটা গোয়েন্দা তথ্য ছিল। এ কারণে আমরাও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করে রেখেছিলাম। এরমধ্যেও তারা ইট-পাটকেল ছুড়ে পুলিশকে আহত করেছে। অনেক সিনিয়র পুলিশ সদস্যও আহত হয়েছেন।
গয়েশ্বর চন্দ্র রায়কে লাঠিচার্জের বিষয়ে ডিবিপ্রধান বলেন, আমরা গয়েশ্বর চন্দ্র রায়কে রক্ষা করার জন্য ডিবিতে নিয়ে আসি। তিনি নেতাকর্মীদের হামলার মধ্যে পড়েছিলেন। নেতাকর্মীরা ঢিল মারছিল। আমরা তাকে সেইভ করে নিয়ে আসার পর এখন আবার আমাদের গাড়িতে করেই তার বাসায় পৌঁছে দেই।
ডিবিপ্রধান আরও বলেন, আজকে ন্যাক্কারজনক কাজ ঘটিয়েছে। এসব ঘটনায় মামলা হবে। যারা এই ঘটনা পরিকল্পিতভাবে ঘটিয়েছে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।