সকল মেনু

৪ বছর প্রেমের পর বেজোস-সানচেজের বাগদান

ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার বান্ধবী লরেন সানচেজ বাগদান করেছেন। এই যুগলের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএনের।

বেজোস-সানচেজের বিয়ের পরিকল্পনা সম্পর্কে আর কোনো বাড়তি তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সানচেজ একজন সাবেক সম্প্রচার সাংবাদিক। তিনি এখন একজন সমাজসেবী। বেজোস ও সানচেজের সম্পর্কের বিষয়টি ২০১৯ সালে প্রথম প্রকাশ্যে আসে। চার বছরের বেশি সময় ধরে এই জুটির মধ্যে সম্পর্ক রয়েছে। তবে তারা তাদের ব্যক্তিগত জীবনের বেশির ভাগ তথ্য গণমাধ্যমে প্রকাশ করা থেকে বিরত আছেন। ২০২২ সালে বেজোস-সানচেজ জুটি ওয়াশিংটন ডিসির বাড়িতে বসে প্রথমবার যৌথভাবে সিএনএনকে সাক্ষাৎকার দিয়েছিলেন। সাক্ষাৎকারে তাঁরা তাঁদের জনহিতকর কাজের কথা বলেছিলেন।

সাংবাদিক হিসেবে এমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন সানচেজ। তাকে সবচেয়ে উদার, তার (বেজোস) দেখা সবচেয়ে বড় মনের ব্যক্তি বলে বর্ণনা করেছিলেন আমাজনের প্রতিষ্ঠাতা।

মার্কিন ধনকুবের বেজোস তার সঙ্গী সানচেজকে ‘অনুপ্রেরণা’ হিসেবেও অভিহিত করেন। মহাকাশ সংস্থা ব্লু অরিজিনের প্রতিষ্ঠাতা বেজোস। তিনি ২০২১ সালে ব্লু অরিজিনের তৈরি নিউ শেপার্ড নামের রকেটে চড়ে মহাকাশ ভ্রমণে গিয়েছিলেন।

সাবেক হেলিকপ্টার পাইলট সানচেজ সিএনএনকে বলেছিলেন, তিনি মহাকাশ ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন। তিনি একদল নারীর সঙ্গে এই ভ্রমণে যাবেন। বেজোসের সাবেক স্ত্রীর নাম ম্যাকেনজি স্কট। ২৫ বছর সংসার করার পর ২০১৯ সালে তারা বিচ্ছেদের ঘোষণা দেন। বেজোস-ম্যাকেনজির চার সন্তান রয়েছে। সানচেজের সাবেক স্বামীর নাম প্যাট্রিক হোয়াইটসেল। এই হলিউড এজেন্টের সঙ্গে ১৩ বছর সংসার করেছিলেন সানচেজ। ২০১৯ সালে তাঁদের বিচ্ছেদ হয়। সানচেজের তিনটি সন্তান আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top