হটনিউজ ডেস্ক:
রাজধানীর গুলশান-২ নম্বরের ১২ তলা আবাসিক ভবনে লাগা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।
তিনি বলেন, আমাদের ফায়ার ফাইটাররা ভবনের ভেতরে প্রবেশ করেছেন। তারা এখন উদ্ধারকাজ করছেন। তারা ভবনের প্রতিটি তলায় পরীক্ষা করছেন।
কেউ আটকে আছে কি না সেগুলো দেখা হচ্ছে। আটকে থাকলে তাদের উদ্ধার করা হবে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় এ তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক।
তিনি বলেন, আমরা ২৩ জনকে জীবিত উদ্ধার করেছি। এর মধ্যে একজন নবজাতক রয়েছে। আগুন নিয়ন্ত্রণে দীর্ঘ সময় লাগার বিষয়ে তিনি বলেন, এখানে পানির ব্যবস্থা ছিল না। ফলে আমাদের নিয়ন্ত্রণ করতে কিছুটা সময় লেগেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মইনউদ্দিন জানান, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তদন্ত করে পরবর্তীতে জানা যাবে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২ তলা ভবনের ৭ম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে মোট ১৯টি ইউনিট নেভানোর কাজে যুক্ত হয়।
এদিকে আগুনের ঘটনায় ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া লাফিয়ে পড়া আহত আরও তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।