হটনিউজ ডেস্ক:
তুচ্ছ ঘটনার জেরে ময়মনসিংহ নগরীতে পারভেজ নামে এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের গন্দ্রপা এলাকায় গতকাল শুক্রবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত পারভেজ ওই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। বিলুপ্ত আকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি ও বর্তমান ২৯ নম্বর ওয়ার্ডের সভাপতি প্রার্থী ছিলেন পারভেজ।
পুলিশ জানায়, পারভেজের বাড়ির কাছের মোড়ে টং দোকান করেন দিলিপ নামে একজন ব্যবসায়ী। তার সঙ্গে বুধবার দিলীপের বাগবিতণ্ডা হয়। তখন পারভেজ দিলীপকে গালাগাল করেন। পরে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে পারভেজ বাড়িতে যাওয়ার পথে আবার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দিলীপ ছুরিকাঘাত করে পারভেজকে। এতে দিলীপের সঙ্গে আরও কয়েকজন যুক্ত হয়। গুরুতর আহত পারভেজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১০টার দিকে মারা যান।
মহানগর যুবলীগের আহ্বায়ক শাহীনুর রহমান খান গণমাধ্যমকে জানান, গালাগাল করাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে যুবলীগের এই নেতাকে হত্যা করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, আপত্তিকর মন্তব্য নিয়ে বাগবিতণ্ডার জেরে এ হত্যার ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।