সকল মেনু

বিয়ের ৮ বছর পর একসঙ্গে চার সন্তানের জন্ম

হটনিউজ ডেস্ক:

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিয়েছেন এক নারী।

বুধবার (২৩ মার্চ) সকালে হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে সফল অস্ত্রোপচারের মাধ্যমে তিন মেয়ে ও এক ছেলে সন্তানের জন্ম দেন তিনি।

চার সন্তানের মা আদুরী বেগম আশা কুড়িগ্রাম সদর উপজেলার নাদিরা গ্রামের মনিরুজ্জামান বাঁধনের স্ত্রী। প্রায় ৮ বছর আগে তারা দুজন বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ সময় পর চিকিৎসা গ্রহণের একপর্যায়ে আশা অন্তঃসত্ত্বা হন।

জানা গেছে, মঙ্গলবার (২২ মার্চ) সকালে চিকিৎসকদের পরামর্শে আদুরী বেগম আশাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে রাত সাড়ে ৯টার দিকে চার সন্তানের জন্ম দেন তিনি।

চার সন্তানের বাবা মনিরুজ্জামান বলেন, চিকিৎসকের পরামর্শে আমি আমার গর্ভবতী স্ত্রীকে নিয়ে বেশ কিছুদিন ধরে রংপুরে একটি ভাড়া বাড়িতে রয়েছি। গত ১ মার্চ আলট্রাসনোগ্রাম করে একসঙ্গে চার সন্তান গর্ভধারণ করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণ চলতে থাকে। মঙ্গলবার (২২ মার্চ) সকালে আমার স্ত্রী আশাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৯টা ৪০ মিনিটে একসঙ্গে চার সন্তানের জন্ম দেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (গাইনি বিভাগ) ডা. ফারহানা ইয়াসমিন ইভা বলেন, মঙ্গলবার (২২ মার্চ) রাতে চার নবজাতকের জন্ম হয়েছে। এর মধ্যে শুধু ছেলে নবজাতকের ওজন একটু কম হলেও বাকি তিনজনের ওজন ও গঠন ঠিক রয়েছে। বর্তমানে চার নবজাতকই সুস্থ আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top