সকল মেনু

গাজীপুরে যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

হটনিউজ ডেস্ক:
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় একটি দোকানের ভেতর থেকে বৃহস্পতিবার সকালে হাত-পা বাঁধা দোকানের কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কাউছার (১৯) ভোলার তজুমুদ্দিন থানার মলমসুরা গ্রামের মোকসেদ আলীর ছেলে। তিনি ভবানীপুর বাজারে রাফি-রাতুল টায়ার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং শপের কর্মচারী ছিলেন।

দোকানের মালিক স্থানীয় মো. রিয়াজ উদ্দিন শেখ জানান, কাউছার স্থানীয় নার্গিস আক্তারের বাড়িতে ভাড়া থাকতেন। দোকানের নিরাপত্তার স্বার্থে তিনি কয়েক দিন ধরে রাতে দোকানেই ঘুমাতেন। বুধবারও তিনি দোকানে ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার ভোরে তাকে মোবাইলে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করেও না পেয়ে দোকানে গেলে তার হাত-পা বাঁধা লাশ দেখতে পান। পরে জয়দেবপুর খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।

জয়দেবপুর থানার ওসি মো. জাবেদুল ইসলাম জানান, বুধবার রাতে দোকান মালিকের ভায়রা নয়নের বাড়িতে দাওয়াত খেতে যান কাউছার। দাওয়াত খেয়ে রাত সাড়ে ১০টার দিকে কাউছার দোকানে ফেরেন। সেখানেই ঘুমিয়ে থাকেন। পরদিন বৃহস্পতিবার ভোরে দোকান মালিক রিয়াজ উদ্দিন ফোনে যোগাযোগের চেষ্টা করেও না পেয়ে দোকানে গিয়ে তাকে ডাকাডাকি শুরু করেন। পরে তার কোনো সাড়া-শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায় এবং দোকানের ভেতরে কাউছারের লাশ পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলায় কাপড় পেঁচানো ও হাত-পা রশিতে বাঁধা ছিল। পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলেন ওসি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top