
হটনিউজ ডেস্ক:
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবির সাথে গাজীনগর গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিজিবি সদস্য ও একই পরিবারের ৩ জনসহ মোট ৫ জন নিহত হয়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বিজিবি সদস্য শাওন, সাব মিয়া ও তার দুই ছেলে মো: আলী ও আহম্মদ আলী এবং মফিজ মিয়া। এ ঘটনায় আহত হয়েছে ৪ জন। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রামে প্রেরণ করা হয়।
নিহত বিজিবি সদস্য ও অপর একজনের লাশ মাটিরাঙ্গা হাসপাতালে রয়েছে। মাটিরাঙ্গা থানার ওসি শামসুদ্দীন ভূইঁয়া এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবির পলাশপুর জোনের সাথে গাজীনগর গ্রামবাসীর এই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সাব মিয়ার বাগানের একটি কাঠাঁল গাছ কাটাকে কেন্দ্র করে তার পরিবারের সাথে বিজিবির সদস্যদের সাথে কথা কাটাকাটি হয় যা পরে সংঘর্ষে রূপ নেয়।
মাটিরাঙ্গার পৌর মেয়র শামছুল ইসলাম জানান, সাব মিয়ার একটি কাঁঠাল গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবির সাথে সংঘর্ষ বাধে। এতে সাব মিয়াসহ তার ২ ছেলে ও ১ জন বিজিবি সদস্য নিহত হয়। পৌর মেয়র আরও জানান, এলাকাবাসী এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা বিজিবির চেকপোস্ট প্রত্যাহার ও নিহতদের বিচার দাবি করেন।
এদিকে স্বামী সাব মিয়া ও দুই ছেলের মৃত্যুর খবর পেয়ে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্ত্রী রঞ্জু বেগম মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।
অন্যদিকে গুইমারা রিজিয়ন কমান্ডার শাহরিয়ার জামান, খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার আবদুল আজিজ, স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।