ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে দলীয় ঐক্য জোরদারে উদ্যোগী হয়েছে বিএনপি। অভ্যন্তরীণ বিভক্তি কমিয়ে সাংগঠনিক শক্তি বাড়াতে বিদ্রোহী ও বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে নেওয়ার কৌশল নিয়েছে দলটি। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে দূরত্ব কমানোও গুরুত্ব পাচ্ছে।
দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন না পেয়ে বিএনপির কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ের অন্তত ৭০ জন নেতা দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকর্মী সাংগঠনিক শাস্তির মুখে পড়েন।
নির্বাচনের পর বহিষ্কৃতদের অধিকাংশই দলে ফিরতে আবেদন করেছেন। তবে এখন পর্যন্ত তৃণমূল পর্যায়ের হাতেগোনা কয়েকজনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বাকিদের বিষয়ে সাংগঠনিক প্রক্রিয়া চলছে।
বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করা গুরুত্বপূর্ণ কয়েকজন বিদ্রোহী প্রার্থীকে দলে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শিগগিরই তাদের কাছে কেন্দ্র থেকে চিঠি পাঠানো হতে পারে। একই সঙ্গে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে অবস্থান নেওয়া কিংবা দলীয় সিদ্ধান্তের বাইরে ভূমিকা রাখা তৃণমূলের পাঁচ শতাধিক নেতার বহিষ্কারাদেশও পর্যায়ক্রমে প্রত্যাহারের উদ্যোগ রয়েছে।
এরই মধ্যে নড়াইল জেলা বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সর্বশেষ গত মঙ্গলবার জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি।
দলটির একাধিক সিনিয়র নেতা ও দায়িত্বশীল নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, ক্ষমতায় আসার পর বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে অভ্যন্তরীণ দূরত্ব কমিয়ে সাংগঠনিক ঐক্য ধরে রাখা। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর ক্ষমতায় আসায় নেতাকর্মীদের প্রত্যাশা বেড়েছে। কিন্তু পদ-পদবি, স্থানীয় নেতৃত্বের দ্বন্দ্ব, নির্বাচনী বিরোধ এবং প্রত্যাশা অনুযায়ী মূল্যায়ন না পাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন পর্যায়ে অসন্তোষ তৈরি হয়েছে।
এসব বিরোধ দ্রুত নিষ্পত্তি করা না গেলে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক দুর্বলতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন দলটির নেতারা। পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ অসন্তোষ সামাল দেওয়াও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
বিএনপির বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরব বলেন, শহীদ জিয়াউর রহমান, প্রয়াত খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শ বুকে ধারণ করে তিনি বিএনপির রাজনীতি করেন। দলে পদ-পদবি থাকুক বা না থাকুক, বহিষ্কারাদেশ প্রত্যাহার হোক বা না হোক, তিনি বিএনপিতে আছেন এবং থাকবেন।
নির্বাচনের পরও দলের সব কর্মসূচিতে অংশ নেওয়া এবং প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি পালন করছেন জানিয়ে তিনি বলেন, দল বিষয়টি বিবেচনা করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিরোধী দলে থাকাকালে আন্দোলন ও সরকারবিরোধী অবস্থানের প্রশ্নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা তুলনামূলক সহজ। কিন্তু ক্ষমতায় আসার পর দায়িত্ব বণ্টন, নেতৃত্বের প্রতিযোগিতা ও রাজনৈতিক প্রত্যাশা দলীয় ঐক্যের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করে। এ ক্ষেত্রে দীর্ঘদিনের পরীক্ষিত নেতাকর্মীদের মূল্যায়নের পাশাপাশি দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিষয়ে সাংগঠনিক শৃঙ্খলাও বজায় রাখতে হবে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি একটি সাংগঠনিক প্রক্রিয়া, যা চলমান রয়েছে। দলের চেয়ারম্যান তারেক রহমান এ বিষয়ে চিন্তাভাবনা করছেন। তিনি বলেন, বর্তমানে আরও অনেক সংকট সামনে এসেছে এবং জাতীয় ঐক্যের একটি প্রক্রিয়া চলছে। যারা বিএনপি করেন এবং দেশকে ভালোবাসেন, ডাক দিলে তারা অবশ্যই এগিয়ে আসবেন।
জাতীয় অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ মনে করেন, শুধু বহিষ্কার বা সাংগঠনিক শাস্তির মাধ্যমে বড় রাজনৈতিক দলের অভ্যন্তরীণ সংকট সমাধান করা যায় না। আবার সব বিরোধ আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলতে গেলে শৃঙ্খলার প্রশ্নে দুর্বলতা দেখা দিতে পারে। তাই ব্যক্তি ও পরিস্থিতি বিবেচনায় বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া জরুরি।
তিনি বলেন, সংগঠন গোছানোর পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি সরকারের জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় উদ্যোগী হওয়া উচিত। এ ক্ষেত্রে সরকার, বিরোধী দলসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক হতে হবে এবং বিভেদ ভুলে একসঙ্গে কাজ করতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক যুগ্ম মহাসচিব বলেন, ক্ষমতায় আসার পর দলের অভ্যন্তরীণ প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব নতুন করে সামনে আসছে। মন্ত্রিত্ব, সংসদীয় দায়িত্ব, দলীয় পদ-পদবি কিংবা স্থানীয় পর্যায়ে নেতৃত্বের প্রশ্নে কারও কারও মধ্যে অসন্তোষ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এসব বিষয় সময়মতো সমাধান করা না গেলে সাংগঠনিক বিভক্তি আরও বাড়তে পারে।
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় বিদ্রোহী ও বহিষ্কৃত নেতাদের সঙ্গে আলোচনা করে দূরত্ব কমানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ব্যক্তিগত ক্ষোভ, নেতৃত্বের সঙ্গে মতবিরোধ কিংবা নির্বাচনী বিরোধের কারণে যারা দল থেকে দূরে সরে গেছেন, পরিস্থিতি বিবেচনায় তাদের আবার সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হতে পারে। তবে সবার ক্ষেত্রে একই নীতি অনুসরণ করা হবে, নাকি ব্যক্তি ও পরিস্থিতিভেদে সিদ্ধান্ত নেওয়া হবে, সেটিও গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।