সকল মেনু

ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া ১৪০০ শহীদের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা: জামায়াত আমির

অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, এটি গণঅভ্যুত্থানে শহীদ ১৪ শতাধিক মানুষ ও পঙ্গুত্ব বরণ করা ২৪ হাজার মানুষের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।

একই সঙ্গে গণভোটের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের রায় অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন-পালনের কারণে দেশে নতুন করে সংকট তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ডাকসু, জাকসু, রাকসু, চাকসু ও জকসুর নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের ভূমিকার সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্ট পর্যন্ত সবার বক্তব্য ও অঙ্গীকার এক ছিল। কিন্তু দুঃখজনকভাবে ৫ আগস্টের পর সরকার পরিচালনায় থাকা অনেকেই রাতারাতি বদলে গেছেন। ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, দখলবাজি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি আগের চেয়েও দ্রুতগতিতে চলছে।

তিনি আরও বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী, যারা ১৪ শতাধিক মানুষকে শহীদ এবং ২৪ হাজার মানুষকে পঙ্গু করেছে, অর্থ, স্বার্থ, ভোট ও সম্পদ ভাগাভাগির বিনিময়ে কেউ কেউ তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন। এটি শহীদ ও পঙ্গুদের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা।

সংসদ নির্বাচনের পাশাপাশি রাষ্ট্র সংস্কার ও মেরামতের জন্য অনুষ্ঠিত গণভোটের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, দুটি বিষয় মেনেই সবাই নির্বাচনে অংশ নিয়েছিল। কিন্তু একটি দল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সঙ্গে সঙ্গেই গণভোটের রায় অস্বীকার করেছে। সংকট সেদিনই তৈরি হয়েছে।

তিনি বলেন, একদিকে সংকট তৈরি করা এবং অন্যদিকে ফ্যাসিবাদকে লালন-পালন করার কারণেই ফ্যাসিবাদীরা আবার ফিরে আসার চেষ্টা করছে। তবে দেশের যুবসমাজ কোনো ফ্যাসিবাদকে আর বাংলার মাটিতে আসতে বা প্রতিষ্ঠিত হতে দেবে না।

অনুষ্ঠানে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ও তরুণদের উদ্দেশে তিনটি বিশেষ বার্তা দেন ডা. শফিকুর রহমান।

নিরাপদ ক্যাম্পাস ও দেশ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অস্থির ক্যাম্পাসগুলোতে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে তরুণরা অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। শুধু পাঁচটি বিশ্ববিদ্যালয় নয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে নিরাপদ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ছাত্রজীবন শেষ হলে হলের আসন ও ক্যাম্পাস ছেড়ে দেশ গড়ার বৃহত্তর কাজে যুক্ত হওয়ার অনুরোধ করেন।

তরুণদের চাকরিজীবী না হয়ে উদ্যোক্তা ও নেতা হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণসহ সব ক্ষেত্রে নেতৃত্ব দিতে হবে। তরুণদের অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনে একজন তরুণকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া শুধু ঢাকায় অবস্থান না করে নিজ নিজ এলাকা ও গ্রামবাংলায় ফিরে গিয়ে সমাজের বিভিন্ন স্তরে থাকা দুর্নীতিবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়ে জনগণের পাশে দাঁড়ানোর পরামর্শ দেন তিনি।

অনুসরণকারী নয়, অনুকরণীয় জাতি গঠনের আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ চিরদিন অন্য দেশকে অনুসরণ করে চলবে না। এমন পরিবর্তন আনতে হবে, যাতে বিশ্ববাসী বাংলাদেশের কর্মকাণ্ড দেখে এবং অন্যরা বাংলাদেশকে অনুসরণ করে। এ লক্ষ্য অর্জনে তরুণদের নেতৃত্ব দিতে হবে।

অনুষ্ঠান আয়োজন ও সমন্বয়ের জন্য তরুণ চিকিৎসক ডা. খালেদুজ্জামানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top