সকল মেনু

পলাতকরা দেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেছেন, পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। সরকার কোনো রক্তপাত চায় না, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো রক্তপাত চাইনি, তাই ধৈর্যসহকারে তাদের নাশকতা সামাল দিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা চাই বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা গড়ে উঠুক। সব রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবে রাজনীতি করবে। আমরা বলপ্রয়োগ করব না। কিন্তু চূড়ান্ত পরিস্থিতি শক্ত হাতে সামাল দেওয়া হবে।’

প্রতিটি মানবাধিকার অপরাধের বিচার করা হবে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানই গণহত্যা চালিয়ে দেশের মানুষ হত্যা করে আবার রাজনীতিতে ফিরতে পারেননি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও আর রাজনীতিতে ফিরতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘যতবার স্বৈরতন্ত্রের আগমন হয়েছে, ততবারই বিএনপির হাত ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এ দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে না।’

এদিকে বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ১ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১ ডিসেম্বর গ্র্যান্ড র‍্যালির মাধ্যমে বিজয়ের মাসের কর্মসূচি শুরু হবে। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশগ্রহণ করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top