সকল মেনু

‘জিয়াউলের অপরাধ সমুদ্র সমান, মৃত্যুদণ্ড কেবল শিশির কণা’

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে রাষ্ট্রপক্ষ। গুম, খুন, নির্যাতন ও লাশ গুমের মতো ভয়াবহ অপরাধের জন্য তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলার যুক্তিতর্কের শেষ পর্যায়ে সাজা প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল।

রুহুল কুদ্দুস কাজল বলেন, এ মামলায় যেসব অপরাধের বিবরণ এসেছে, সেগুলোর ভয়াবহতা ভাষায় প্রকাশ করা কঠিন। একের পর এক মানুষকে তুলে নেওয়া, গোপনে আটকে রাখা, নির্যাতন, হত্যা ও মরদেহ গুমের মতো ঘটনা ঘটেছে। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে মানুষের জীবন কেড়ে নেওয়া হয়েছে। এসব অপরাধে অসংখ্য পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে।

তিনি বলেন, কোনো শাস্তিই এসব মানুষের জীবন ফিরিয়ে দিতে পারবে না। মায়ের কাছে সন্তান, স্ত্রীর কাছে স্বামী কিংবা সন্তানের কাছে বাবাকে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। তবু অপরাধের বিচার হতে হবে। সে কারণেই রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয়েছে।

শাস্তির প্রসঙ্গে দার্শনিক হেগেল ও আইন দার্শনিক হার্বার্ট মরিসের বক্তব্য তুলে ধরে অ্যাটর্নি জেনারেল বলেন, অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করা জরুরি। অন্যথায় অপরাধের শিকার ব্যক্তি ও তাদের পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে এবং রাষ্ট্রব্যবস্থার ওপর জনগণের আস্থা কমে যাবে।

জিয়াউল আহসানের অপরাধের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, ‘তার অপরাধ সমুদ্র সমান। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও তা হবে কেবল একটি শিশির কণা।’

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সভ্যতা ও বিচারব্যবস্থার কিছু সীমাবদ্ধতা রয়েছে। একজন ব্যক্তি শত শত মানুষকে হত্যা করলেও আইন অনুযায়ী একবারের বেশি সর্বোচ্চ শাস্তি দেওয়ার সুযোগ নেই। এসব সীমাবদ্ধতা বিবেচনায় নিয়েই আইন যে সর্বোচ্চ শাস্তির বিধান রেখেছে, তা প্রয়োগের জন্য ট্রাইব্যুনালের কাছে আবেদন জানানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের দাবি, সাক্ষ্যপ্রমাণের মাধ্যমে মামলার সব অভিযোগ এবং মানবতাবিরোধী অপরাধের প্রয়োজনীয় উপাদান প্রমাণ করা সম্ভব হয়েছে। তাই জিয়াউল আহসানকে সব অভিযোগে দোষী সাব্যস্ত করার আবেদন জানানো হয়েছে।

যুক্তিতর্কের শেষ পর্যায়ে অ্যাটর্নি জেনারেল জিয়াউল আহসানকে নৃশংস খুনি, মানবতাবিরোধী অপরাধী, সিরিয়াল কিলার ও বিশ্বমানবতার কলঙ্ক হিসেবে উল্লেখ করেন।

এ সময় তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি তার সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। একই সঙ্গে বাজেয়াপ্ত সম্পত্তি থেকে ভুক্তভোগীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top