সকল মেনু

সাত জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

দেশের সাত জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগ দিয়েছে সরকার। একই সঙ্গে পুলিশের আরও সাত কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, সুনামগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার আমিরুল ইসলাম।

লালমনিরহাটের পুলিশ সুপার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদ হারুন অর রশিদকে। নড়াইলের পুলিশ সুপার হয়েছেন ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তৌহিদুল আরিফ।

খুলনার পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।

এ ছাড়া ফেনীর পুলিশ সুপার করা হয়েছে গাইবান্ধার বর্তমান পুলিশ সুপার জসিম উদ্দীনকে। গাইবান্ধার নতুন পুলিশ সুপার হয়েছেন এসআরইউর পুলিশ সুপার মোহাম্মদ কামরুল ইসলাম।

অন্যদিকে নওগাঁর পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ।

প্রজ্ঞাপনে আরও সাত পুলিশ কর্মকর্তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top