সকল মেনু

‘দেশে ফিরলে শেখ হাসিনাকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে’

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত দণ্ডপ্রাপ্ত আসামিরা দেশে ফিরলে তাঁদের কারাগারে যেতে হবে। এ ক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে এবং তিনি দণ্ডপ্রাপ্ত আসামি। বিদেশে পলাতক অন্য আসামিদের ক্ষেত্রে বাংলাদেশের আইনে যে অবস্থান, তাঁর ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্ত অন্য আসামিরা দেশে ফিরলে তাঁদের তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে। তাঁদের কারাগারে যেতে হবে। এ বিষয়ে সরকারের অবস্থান আগেও স্পষ্ট ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও একই থাকবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বিমান বা অন্য কোনো যানবাহন পাঠানোর বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বিমান, হেলিকপ্টার, বাস, গাড়ি কিংবা রিকশা পাঠানোর বিষয়ে কারও সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো কথা হয়নি।

দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের শেখ হাসিনাকে গ্রেপ্তারের সক্ষমতা আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, শেখ হাসিনা কোথায় আছেন, সেটিই কেউ জানে না। তিনি কোথায় যাবেন বা কী করবেন, সেটি গুরুত্বপূর্ণ নয়। দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করা হবে।

ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় পলাতক আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে শামা ওবায়েদ বলেন, ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ রয়েছে। জুলাই-আগস্টে হত্যাকাণ্ড, গুম ও রক্তপাতের ঘটনায় জড়িত এবং হত্যার নির্দেশদাতাসহ বিভিন্ন দেশে পালিয়ে থাকা দণ্ডপ্রাপ্ত আসামিদের প্রত্যর্পণ চুক্তির আওতায় ফিরিয়ে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার তারিখ নিয়ে আলোচনার বিষয়ে তিনি বলেন, এটি একটি রাজনৈতিক স্টান্ট। শেখ হাসিনা দেশে এলে গ্রেপ্তার হয়ে কারাগারে যাবেন। এ নিয়ে রাজনৈতিকভাবে পরিস্থিতি উত্তপ্ত করার কোনো অর্থ নেই।

তিনি আরও বলেন, শেখ হাসিনা নেতাকর্মীদের বিপদের মধ্যে ফেলে নিজে পালিয়ে গেছেন। এখন তাঁর দেশে ফেরার বিষয়টি সামনে এনে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের আরও বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে।

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী কেউ দণ্ডপ্রাপ্ত হলে বাংলাদেশ সরকার তাঁকে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা এ ধরনের কোনো সুবিধা দেবে না। এ ক্ষেত্রেও আইনের ব্যত্যয় ঘটবে না।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top