সকল মেনু

একদলীয় সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

সংবিধান সংশোধন কমিটিকে ‘একদলীয়’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে গণভোটের রায় ও জুলাই সনদের আলোকে সংস্কার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে এসব দাবি জানান নাহিদ ইসলাম। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি ও সমসাময়িক রাজনৈতিক সংকট নিয়ে আলোচনা হয়েছে। গত কয়েক দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এবং জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদবিরোধী নেতাকর্মী ও জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব—সব পক্ষের মানুষ এর শিকার হচ্ছেন।

পতিত আওয়ামী লীগ বিভিন্ন স্থানে সন্ত্রাস ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে অভিযোগ করে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় এবং রাজনৈতিক ঐক্য গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীও তাঁর উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেছেন। ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

নাহিদ বলেন, নির্বাচনের পর গত সাত-আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক অবস্থান আরও স্পষ্ট না করার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে এনসিপি মনে করে।

তিনি বলেন, যেকোনো রাজনৈতিক ঐক্যের ক্ষেত্রে জুলাই, সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে প্রাধান্য দিতে হবে। ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম এজেন্ডা করার সুপারিশ জানিয়েছে এনসিপি।

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবির বিষয়ে নাহিদ ইসলাম বলেন, একদলীয় এই কমিটি সংস্কার, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। তাই কমিটি বাতিলের সুপারিশ জানানো হয়েছে। গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বানও জানিয়েছে তাঁর দল।

গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদবিরোধী লড়াই ছিল গণতন্ত্রের পক্ষের ও বিপক্ষের শক্তির লড়াই। গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী এবং টেকসই করতে না পারলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। এতে দেশে অর্থনৈতিক বিনিয়োগও বাধাগ্রস্ত হবে। তাই সংস্কার অত্যন্ত জরুরি।

গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়েও সরকারের প্রতি আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন চুক্তিতে বাংলাদেশের অবস্থান যেন ভারতের কাছে কঠোরভাবে তুলে ধরা হয় এবং ন্যায্য পানির হিস্যা আদায়ে সরকার কোনো আপস না করে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তাঁর বিরুদ্ধে দেওয়া রায় কার্যকরের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ভারত একজন খুনিকে আশ্রয় দিচ্ছে এবং গণহত্যাকারী দলকে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিচ্ছে। বিষয়টি এখন শুধু আওয়ামী লীগ, বিএনপি বা এনসিপির মধ্যে সীমাবদ্ধ নেই; এটি ভূরাজনৈতিক পর্যায়ে পৌঁছেছে।

তিনি আরও বলেন, ৫ আগস্ট আওয়ামী লীগকে পরাজিত করা হয়েছে। এখন লড়াই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তাঁর অভিযোগ, ভারত আওয়ামী লীগ ও এ দেশের সহযোগীদের ব্যবহার করে সীমান্তের ওপার ও ভেতর থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবিলায় দেশের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার বিষয়টিও তুলে ধরেছেন বলে জানান নাহিদ। তাঁদের রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়ার সুপারিশ করেছে এনসিপি।

সীমান্তের ওপারে বাংলাদেশবিরোধী সমাবেশ এবং সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচারের অভিযোগ তুলে নাহিদ বলেন, ভারতের সীমান্তবর্তী এলাকায় হিন্দুত্ববাদী একটি সংগঠনের সমাবেশে বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিষয়ে মিথ্যা বক্তব্য প্রচারের চেষ্টা হয়েছে। ওই সমাবেশে আওয়ামী লীগের পলাতক কয়েকজন নেতাও যুক্ত ছিলেন বলে তিনি দাবি করেন।

নাহিদের অভিযোগ, বাংলাদেশকে আন্তর্জাতিক পরিসরে হেয় করতে একটি অপতথ্য প্রচার অভিযান চালানো হচ্ছে। তিনি বলেন, ভারতে আসাম, দিল্লি ও পশ্চিমবঙ্গে মুসলমান এবং দলিতদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে। এসব তথ্যও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে হবে।

বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের আমলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন এবং তাঁদের সম্পত্তি দখলের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন নাহিদ। তিনি বলেন, অতীতে সরকারের কিছু ভুলত্রুটির কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। তাই এ বিষয়ে সরকারের দায়িত্বও বেশি।

প্রধানমন্ত্রী তাঁদের দাবির বিষয়ে কী বলেছেন—এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী বিষয়গুলো বিবেচনা করতে এবং আলোচনা অব্যাহত রাখতে আগ্রহ প্রকাশ করেছেন।

বৈঠক নিয়ে সন্তুষ্ট কি না এবং আওয়ামী লীগ প্রশ্নে ভবিষ্যতে সরকার ও এনসিপিকে একই প্ল্যাটফর্মে দেখা যাবে কি না—এমন প্রশ্নে নাহিদ বলেন, গণতন্ত্র, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক নিরাপত্তা এনসিপির নির্দিষ্ট এজেন্ডা। এসব প্রশ্নে দলটি লড়াই চালিয়ে যাবে। এই ভিত্তিতে জাতীয় ঐক্য গড়ে উঠলে এনসিপি তাতে থাকবে। তবে সরকারের দিকে তাকিয়ে থেকে নয়, ফ্যাসিবাদবিরোধী লড়াই দলটি নিজের অবস্থান থেকেই চালিয়ে যাবে।

বৈঠক নিয়ে সন্তুষ্টির বিষয়ে তিনি বলেন, আলোচনা হয়েছে; তবে এর পর বাস্তবে কী পদক্ষেপ নেওয়া হয়, তার ওপরই বৈঠকের ফলাফল নির্ভর করবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top