সকল মেনু

হাফ ভাড়া নিয়ে হেনস্তার অভিযোগ, ইডেন শিক্ষার্থীদের হাতে আটক ১০ বাস

ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার ও হেনস্তার অভিযোগে নীলাচল পরিবহনের ১০টি বাস আটক করেছেন কলেজটির শিক্ষার্থীরা।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের মূল ফটকের সামনে বাসগুলো আটক করা হয়।

শিক্ষার্থীদের অভিযোগ, সম্প্রতি ইডেন মহিলা কলেজের এক শিক্ষার্থী নীলাচল পরিবহনের বাসে পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়া দিতে চাইলে বাসের এক হেলপার তা নিতে অস্বীকৃতি জানান। এ সময় ওই শিক্ষার্থীর সঙ্গে অপমানজনক আচরণ করা হয় এবং তাকে বাস থেকে নেমে যেতে বলা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাল্গুনী। তিনি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) ওই শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, হাফ ভাড়া দিতে চাওয়ায় ওই শিক্ষার্থীর সঙ্গে দুর্ব্যবহার করেন বাসের হেলপার। একপর্যায়ে তাকে উদ্দেশ করে ‘এখন আপনি বাস থেকে নেমে যান’ এবং ‘তুই নামবি, তোর বাপ নামবে’ বলে মন্তব্য করেন তিনি।

ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী আলিফা রামী বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে হাফ ভাড়া দিয়ে আসছেন। নীলাচল পরিবহনেও পরিচয়পত্র দেখিয়ে অর্ধেক ভাড়া দেওয়ার নিয়ম রয়েছে। এরপরও একজন নারী শিক্ষার্থীর সঙ্গে এ ধরনের অসম্মানজনক আচরণ করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ ও অভিযুক্ত হেলপারের ছবি তাদের কাছে রয়েছে। তবে এখনো তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। বাস মালিক কর্তৃপক্ষকে লিখিতভাবে নিশ্চয়তা দিতে হবে, ভবিষ্যতে কোনো নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হলে তারা দায়ভার নেবে। পাশাপাশি চালক ও হেলপারদের যাত্রীদের সঙ্গে শোভন আচরণের বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

শিক্ষার্থীরা জানান, শুধু নীলাচল নয়, ভিআইপি ও মৌমিতা পরিবহনসহ সব গণপরিবহনে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। অনেক শিক্ষার্থী লজ্জা ও ভয়ের কারণে এমন ঘটনার প্রতিবাদ করতে পারেন না। তাই ভবিষ্যতে এ ধরনের ঘটনা বন্ধে তারা বাসগুলো আটক করেছেন।

শিক্ষার্থীরা আরও জানান, এ ঘটনায় পুলিশ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও হল সুপাররা তাদের পাশে রয়েছেন। সংশ্লিষ্টদের উপস্থিতিতে বাস মালিক কর্তৃপক্ষের কাছে দাবি-দাওয়া তুলে ধরা হবে।

এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল বলেন, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে বলে তিনি জানতে পেরেছেন। বিষয়টি শুনতে ও পরিস্থিতি দেখতে তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। শিক্ষার্থীদের অভিযোগ শুনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top