বিশ্বের তিন বড় আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগান চেজ, ভিসা ও মাস্টারকার্ডের একটি সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে। এতে হাজারো গ্রাহকের নাম ও ইমেইল ঠিকানাসহ কিছু ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা।
তবে প্রতিষ্ঠানগুলোর দাবি, এ ঘটনায় কোনো ব্যাংক হিসাব, কার্ড নম্বর কিংবা আর্থিক লেনদেনসংক্রান্ত তথ্য চুরি হয়নি। এন০এন (n0n) নামের একটি হ্যাকার গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। যদিও তাদের দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এসওসিআরাডার।
ওয়াল স্ট্রিট জার্নাল ও টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের ব্যাংক জেপি মরগান চেজ জানায়, তাদের সেবাদাতা তৃতীয় পক্ষের একটি প্রতিষ্ঠানের ওপর সাইবার হামলার ঘটনা ঘটেছে।
তবে হামলার শিকার প্রতিষ্ঠানের নাম প্রকাশ করেনি ব্যাংকটি। জেপি মরগান চেজ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হামলাকারীরা ওই সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে সংরক্ষিত কিছু বিপণনসংক্রান্ত তথ্য হাতিয়ে নিয়েছে। এসব তথ্যের মধ্যে কয়েকজন গ্রাহকের নাম ও ইমেইল ঠিকানাও রয়েছে।
ব্যাংকটি আরও জানিয়েছে, ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে। তাঁদের বিনা মূল্যে ক্রেডিট পর্যবেক্ষণসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। এ ঘটনায় ব্যাংকের কোনো সেবা ব্যাহত হয়নি বলেও দাবি করেছে প্রতিষ্ঠানটি। সপ্তাহের শুরুতে গ্রাহকদের যে প্রযুক্তিগত সমস্যার মুখে পড়তে হয়েছিল, তার সঙ্গে এই সাইবার হামলার সম্পর্ক নেই।
সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এসওসিআরাডার বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, এন০এন নামের হ্যাকার গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেছে। নিজেদের দাবির পক্ষে কিছু নথিও প্রকাশ করেছে তারা। তবে এসব নথি ও দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এসওসিআরাডারের তথ্য অনুযায়ী, গোষ্ঠীটির উৎপত্তি রাশিয়ায়। গত সেপ্টেম্বরে তাদের আবির্ভাব ঘটে। বিশ্বজুড়ে প্রায় ২০০টি প্রতিষ্ঠানের নেটওয়ার্কে হ্যাকিং চালানোর দাবি করেছে তারা।
এদিকে বিশ্বের অন্যতম বড় পেমেন্ট সেবা প্রতিষ্ঠান ভিসা জানিয়েছে, তারা এ ধরনের হামলার দাবির বিষয়ে অবগত। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থিত তাদের একটি সেবাদাতা প্রতিষ্ঠান এ হামলার শিকার হয়েছে।
ভিসার ভাষ্য, তাদের নিজস্ব ব্যবস্থায় হামলা হয়নি এবং নিজস্ব সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়নি। কার্ড নম্বরের মতো কোনো পেমেন্টসংক্রান্ত তথ্যও চুরি যায়নি।
ভিসার প্রতিদ্বন্দ্বী মাস্টারকার্ডও একই ধরনের বক্তব্য দিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হামলার কারণে তাদের একটি নির্দিষ্ট সুবিধা কর্মসূচির আওতায় থাকা কিছু কার্ডধারীর সীমিত পরিমাণ অ-পেমেন্টসংক্রান্ত তথ্য প্রকাশ হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত কার্ডধারীদের সহায়তা দিতে সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে তারা।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া তথ্যের উৎস ও এর পূর্ণাঙ্গ ব্যাপ্তি এখনো স্পষ্ট নয়। তবে এতে হাজারো গ্রাহকের ব্যক্তিগত তথ্য জড়িত রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পেমেন্ট সেবায় কোনো বিঘ্ন ঘটেনি। সপ্তাহের শুরুতে ব্যাংকিং সেবায় যে প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছিল, সেটির সঙ্গেও এই সাইবার হামলার কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে প্রতিষ্ঠানগুলো।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।