চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমকে হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দিয়ে তাঁর ও পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই পুলিশ কর্মকর্তা।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৫৩ মিনিট থেকে বিভিন্ন সময়ে দক্ষিণ আফ্রিকার কান্ট্রি কোডযুক্ত একটি নম্বর (+২৭৭৩৬৩৫৬৪২৩) থেকে ওসির সরকারি মুঠোফোনে হোয়াটসঅ্যাপে এসব হুমকিমূলক বার্তা পাঠানো হয়।
জিডি সূত্রে জানা গেছে, ‘এন এম জামাল’ নামে একটি অ্যাকাউন্ট থেকে প্রথমে ‘হাউ আর ইউ’ এবং ‘উই আর ওয়ারি অ্যাবাউট ইউর ফ্যামিলি’ লিখে বার্তা পাঠানো হয়। পরে ওই ব্যক্তি লেখেন, ‘তুমি যদি তোমার আগের কাজ চালিয়ে যাও, তাহলে আমরা খুব শিগগির ব্যবস্থা নেব।’
এরপর নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তার না করার হুঁশিয়ারি দিয়ে বার্তা পাঠানো হয়। সেখানে লেখা হয়, ‘আজকের পর থেকে কোনো ছাত্রলীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলে খবর আছে, পরিবার শেষ করে দেব, বংশ শেষ করে দেব।’
অন্য একটি বার্তায় ওসিকে উদ্দেশ করে বলা হয়, অন্যায়ভাবে গ্রেপ্তার করা থেকে বিরত না থাকলে তাঁর ও থানার সদস্যদের জন্য বিপদ অপেক্ষা করছে। সবশেষে কাফনের কাপড় প্রস্তুত রাখার হুমকিও দেওয়া হয়।
জিডিতে ওসি উল্লেখ করেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তি একাধিকবার হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তাঁকে ভয়ভীতি ও হুমকি দিয়েছেন। ভবিষ্যতে নিজের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করেছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঢাকা পোস্টকে ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, থানার পুলিশ সদস্যদের নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল দেওয়ার সময় তিনি বার্তাটি পান। দায়িত্ব পালন করতে গিয়ে একটি গোষ্ঠী নানা প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করে। তবে তাঁরা দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
ওসি আরও বলেন, নম্বরটি দেশের ভেতর থেকে ব্যবহার করা হয়ে থাকতে পারে, তবে বিদেশ থেকে ব্যবহারের সম্ভাবনাই বেশি। বিদেশি নম্বর হওয়ায় এটি শনাক্ত করতে সময় লাগতে পারে। এসব হুমকিতে তিনি ভয় পান না বলেও জানান।
এ বিষয়ে জানতে চাইলে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ আর এম মোজাফফর হোসেন বলেন, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। প্রতিবেদকের কাছ থেকেই প্রথম শুনেছেন। এ বিষয়ে ফোনে মন্তব্য করতে রাজি হননি তিনি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।