৬১ বছর পেরিয়ে ৬২ বছরে পা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৬৫ সালের ২০ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা ও নির্বাসিত জীবন পেরিয়ে চলতি বছর দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
একসময় দেশের রাজনীতি থেকে দূরে থাকতে বাধ্য হয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর কেটেছে প্রবাসে। সেই নির্বাসিত জীবন পেরিয়ে এখন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী।
তারেক রহমানের রাজনৈতিক পথচলা শুরু হয় একটি ঐতিহাসিক রাজনৈতিক পরিবারে। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। মা বেগম খালেদা জিয়া তিনবার দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ফলে শৈশব থেকেই রাজনীতি, রাষ্ট্র পরিচালনা ও গণতান্ত্রিক আন্দোলনের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে বেড়ে ওঠেন তিনি।
তবে পারিবারিক পরিচয়ের বাইরে নিজস্ব রাজনৈতিক অবস্থান গড়ে তুলতে তৃণমূল পর্যায় থেকেই কাজ শুরু করেন তারেক রহমান। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্য হওয়ার মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। এরপর ধীরে ধীরে দলের সাংগঠনিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন।
১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচন ছিল তার রাজনৈতিক দক্ষতা প্রকাশের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। ওই নির্বাচনে মা বেগম খালেদা জিয়ার নির্বাচনী প্রচারে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। বিএনপির জাতীয় নির্বাচনী কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের প্রচার কার্যক্রম সমন্বয় করেন। পাঁচটি আসনেই খালেদা জিয়ার বিজয়ে তার সাংগঠনিক ভূমিকা আলোচনায় আসে।
২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারেক রহমান। দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা, তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং নির্বাচনী কৌশল বাস্তবায়নে কাজ করেন তিনি। ওই নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে।
দলের সাংগঠনিক কর্মকাণ্ডে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাকে সিনিয়র যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পাওয়ার পর দলকে সুসংগঠিত করতে ছুটে যান দেশের বিভিন্ন প্রান্তে। তৃণমূল প্রতিনিধি সভার মাধ্যমে সারাদেশে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করার উদ্যোগ নেন তিনি।
তবে তার রাজনৈতিক উত্থানের পথ দ্রুতই কঠিন হয়ে ওঠে। ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। কারাবন্দি অবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হওয়ার অভিযোগ রয়েছে তার। এতে তার মেরুদণ্ডে গুরুতর আঘাতসহ বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতা দেখা দেয়। পরবর্তী সময়ে চিকিৎসার জন্য তাকে লন্ডনে যেতে হয়।
চিকিৎসার জন্য দেশত্যাগের সেই যাত্রাই একসময় দীর্ঘ নির্বাসিত জীবনে পরিণত হয়। প্রায় ১৭ বছর দেশের বাইরে থাকতে হয় তাকে। তবে দেশের বাইরে থাকলেও বাংলাদেশের রাজনীতি থেকে নিজেকে বিচ্ছিন্ন করেননি। লন্ডনে অবস্থান করেই দলের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ, রাজনৈতিক কর্মসূচি নির্ধারণ এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখার কাজ চালিয়ে যান। ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিনে ১৬ ঘণ্টা পর্যন্ত নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রায় ১৬ বছরের শাসনামলে বিএনপিকে নানা রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে গুম, খুন, অপহরণ, মামলা, হামলা ও গ্রেপ্তারের অভিযোগ ওঠে। রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায়ও নানা বাধার মুখে পড়ে দলটি। তারেক রহমান নিজেও একাধিক মামলার মুখোমুখি হন। এমনকি গণমাধ্যমে তার বক্তব্য প্রচারের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
এই সংকটের মধ্যেই ২০১৮ সালে কারাবন্দি হন বেগম খালেদা জিয়া। একই বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। দলের চেয়ারপারসন কারাগারে এবং হাজার হাজার নেতাকর্মী মামলা ও গ্রেপ্তারের মুখে থাকায় সেটি ছিল বিএনপির জন্য কঠিন সময়। এমন পরিস্থিতিতে বিদেশে অবস্থান করেই দলকে নেতৃত্ব দিতে হয় তাকে। দলের সাংগঠনিক কাঠামো ধরে রাখা এবং রাজনৈতিক কর্মকাণ্ড অব্যাহত রাখা ছিল তার নেতৃত্বের অন্যতম বড় চ্যালেঞ্জ।
এরপর আসে ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থান। ছাত্র-জনতার আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ হন এবং আহত হন হাজার হাজার মানুষ। ৫ আগস্ট শেখ হাসিনার প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। বাংলাদেশের রাজনীতিতে সূচিত হয় নতুন অধ্যায়। দীর্ঘ রাজনৈতিক সংকটের পর গণতান্ত্রিক ধারায় ফিরে আসার প্রত্যাশা তৈরি হয় দেশজুড়ে।
এই পরিবর্তনের মধ্য দিয়ে তারেক রহমানের জন্যও দেশে ফেরার নতুন সুযোগ তৈরি হয়। দীর্ঘ প্রায় ১৭ বছর পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তিনি।
তবে দেশে ফেরার আনন্দের মধ্যেই নেমে আসে গভীর শোক। প্রত্যাবর্তনের মাত্র পাঁচ দিন পর, ৩০ ডিসেম্বর তার মা বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। ব্যক্তিগত জীবনের অপূরণীয় এই ক্ষতির পাশাপাশি বিএনপির রাজনৈতিক নেতৃত্বেও তৈরি হয় নতুন বাস্তবতা। ২০২৬ সালের ৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান। এর মধ্য দিয়ে বাবা-মায়ের রাজনৈতিক উত্তরাধিকার বহনের পাশাপাশি দলের পূর্ণাঙ্গ নেতৃত্বের দায়িত্বও তার কাঁধে আসে।
এরপর আসে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে। দলটি ২১১টি আসনে জয়ী হয়। এই বিজয়ের মধ্য দিয়ে দীর্ঘ রাজনৈতিক প্রতীক্ষার অবসান ঘটে এবং প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন তারেক রহমান।
দীর্ঘ রাজনৈতিক পথচলা, নির্বাসিত জীবন, দলীয় নেতৃত্বের নানা চ্যালেঞ্জ ও নির্বাচনী বিজয় পেরিয়ে আজ ৬২ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জন্মদিনে তার রাজনৈতিক জীবন ও পথচলা নতুন করে আলোচনায় এসেছে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।