সকল মেনু

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

বাংলাদেশের সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বিবেচনা করছেন যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিক। তাঁর অভিযোগ, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আনা দুর্নীতির অভিযোগের কারণে গত বছর ব্রিটিশ সরকার থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন তিনি।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ ছিল, বাংলাদেশে শেখ হাসিনার শাসনামলে তিনি অনৈতিক সুবিধা নিয়েছিলেন। পূর্বাচলে পরিবারের জন্য প্লট বরাদ্দ নিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করার অভিযোগে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের একটি আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। একই মামলায় আরও ১৬ জনকে সাজা দেওয়া হয়।

লন্ডনে বসবাসরত টিউলিপ শুরু থেকেই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছেন। ২০২৫ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ হাস্যকর’ বলে মন্তব্য করেন তিনি। সে সময় তাঁর দাবি ছিল, শেখ হাসিনা ও ড. মুহাম্মদ ইউনূসের দীর্ঘদিনের বিরোধের পরোক্ষ শিকার হয়েছেন তিনি।

সম্প্রতি একটি পডকাস্টে টিউলিপ নিজেকে ‘উদ্দেশ্যপ্রণোদিত মামলার’ শিকার বলে দাবি করেন। তিনি জানান, এ বিষয়ে একজন আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। ওই আইনজীবী তাঁকে জানিয়েছেন, ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার যথেষ্ট আইনি ভিত্তি থাকতে পারে।

টিউলিপ বলেন, বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে বিভিন্ন দিক পর্যালোচনা করছেন। আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি তিনি বিবেচনা করছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ করেছিল দ্য গার্ডিয়ান। তবে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

টিউলিপের দাবি, তাঁর বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে, তা বিস্তারিত জানতে তিনি বারবার চেষ্টা করেছেন। এ বিষয়ে তাঁর আইনজীবীরা বাংলাদেশ সরকারকে চিঠি পাঠালেও কোনো জবাব পাননি।

লন্ডনের ডরচেস্টার হোটেলে অবস্থানকালে ড. ইউনূসকে হাতে লেখা একটি চিঠি পাঠানোর কথাও জানান টিউলিপ। তাঁর ভাষ্য, ইউনূস তাঁর সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানান। সামনাসামনি কথা বলার জন্য তিনি একাধিকবার চেষ্টা করেছিলেন।

নিজেকে নির্দোষ দাবি করে টিউলিপ বলেন, অভিযোগ ও পরবর্তী বিচারপ্রক্রিয়া নিয়ে তিনি বিচলিত ছিলেন না। তাঁর দাবি, কী অপরাধে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে, সে বিষয়ে তাঁর কোনো ধারণা ছিল না। সকালে ঘুম থেকে উঠে স্কাই নিউজের ব্রেকিং নিউজ অ্যালার্টের মাধ্যমে প্রথম তিনি সাজা হওয়ার খবর জানতে পারেন।

বিতর্কের সময় যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছ থেকে সমর্থন পাওয়ার কথাও উল্লেখ করেন টিউলিপ। তাঁর দাবি, নিরাপত্তা হুমকির মুখে পড়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্টারমার তাঁকে বার্তা পাঠিয়েছিলেন।

তবে টিউলিপকে ঘিরে বারবার প্রশ্নের মুখে পড়েন স্টারমার। একপর্যায়ে তিনি টিউলিপকে পদত্যাগের সিদ্ধান্ত জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top