দেশকে আবারও তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র রুখে দিতে দলমত নির্বিশেষে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণ কোনো তাঁবেদার শক্তিকে আর মাথা তুলে দাঁড়াতে দেবে না।
বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পলাতক ফ্যাসিস্ট চক্র দেশের স্বাস্থ্য খাতের মতো পোশাকশিল্পকেও ধ্বংস করে অন্য একটি বিশেষ দেশের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। গত ৫০ বছরে শ্রমিক ও মালিকদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা দেশের সমৃদ্ধ গার্মেন্টস শিল্পকে ধ্বংসের অপচেষ্টা চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
পোশাকশ্রমিকদের উদ্দেশে সরকারপ্রধান বলেন, শ্রমিকদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সরকার অবগত। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই সর্বনিম্ন মজুরি ঘোষণা করা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাবেন।
তিনি আরও বলেন, সরকার ও মালিকপক্ষ যখন শ্রমিকদের বেতন প্রদানে আন্তরিক, তখন বিদেশে পলাতক সন্ত্রাসী শক্তির উসকানিতে কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা উচিত নয়। কারখানা ক্ষতিগ্রস্ত হলে শ্রমিকদের কর্মসংস্থান ও বেতন দেওয়ার পথও বাধাগ্রস্ত হবে। তাই কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে নিজেদের কর্মস্থল রক্ষার আহ্বান জানান তিনি।
দেশের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, জনগণের নির্বাচিত সরকার একটি নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করছে। এলাকাভিত্তিক সমস্যা চিহ্নিত করে পর্যায়ক্রমে সেগুলোর সমাধান করা হচ্ছে। সরকার দেশের সব অঞ্চলের সুষম উন্নয়ন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
পতিত ফ্যাসিস্ট শক্তির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, এত মানুষ হত্যা, গুম ও নির্যাতনের পরও তাদের চরিত্রে কোনো পরিবর্তন আসেনি। দেশে-বিদেশে বিভিন্ন ঘটনায় তারা আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা রাজনৈতিক দল নয়, বরং একটি চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে।
তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ ওই দলের পলাতক নেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে গণতান্ত্রিক মানুষের বাড়িঘরে আগুন দেওয়া ও হত্যার তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন। যারা এসব সন্ত্রাসী শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের অবস্থানও জনগণের কাছে স্পষ্ট।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে লাখো মানুষের আত্মত্যাগ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে হাজারো প্রাণের বিনিময়ে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে। কারও বশ্যতা মেনে নেওয়ার জন্য তারা জীবন দেয়নি। তাই পতিত স্বৈরাচারের প্রত্যাবর্তন এবং দেশের ওপর তাঁবেদারি চাপিয়ে দেওয়ার অপচেষ্টা রুখতে সংসদের ভেতরে ও বাইরে থাকা সব গণতান্ত্রিক শক্তিকে ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেওয়া ঐতিহাসিক স্লোগান স্মরণ করে তারেক রহমান বলেন, ‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।’
তিনি বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌম সংসদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁবেদার শক্তি মাথা তুলে দাঁড়ানোর আগেই দেশের গণতন্ত্রকামী জনগণ তাদের বিষদাঁত ভেঙে দেবে।
বক্তব্যের শেষে সংসদের চতুর্থ অধিবেশন সফলভাবে পরিচালনায় সহযোগিতার জন্য স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্যদের ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।