গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ ও ভাঙচুরের আশঙ্কায় বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে জেলার বিভিন্ন এলাকার ৪০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি ও বোর্ডবাজার এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে সড়কে অবস্থান নেন। এতে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এগিয়ে গেলে বিক্ষুব্ধ শ্রমিকরা তাঁদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় পুলিশের একটি পাজেরো গাড়িতে আগুন দেন শ্রমিকরা।
পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে। এ ঘটনায় পুরো শিল্পাঞ্চলে থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়। বড় ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিভিন্ন এলাকার ৪০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শ্রমিক আন্দোলনের কারণে জেলার বিভিন্ন এলাকার ৪০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে মহানগরীর মালেকের বাড়ি ও ভোগড়া এলাকায় পরিস্থিতি ভালো রয়েছে। সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।