শিশুদের প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট অঙ্গীকার নিয়ে কাজ করছে সরকার। এর মধ্যে রয়েছে শিশু সুরক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, আইন সংস্কার, ইতিবাচক অভিভাবকত্ব, শিক্ষার পরিবেশ উন্নয়ন, ডিজিটাল নিরাপত্তা এবং নীতিনির্ধারণে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করা।
নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশ বদ্ধপরিকর।
বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত ‘দ্বিতীয় গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স অন এন্ডিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট চিলড্রেন’-এর প্লেজিং সেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ উপস্থাপন করেন মন্ত্রী। এ সময় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।
মন্ত্রী জানান, দেশের আটটি বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী ও সরকারি অংশীজনদের সঙ্গে ব্যাপক পরামর্শের ভিত্তিতে এই অঙ্গীকারনামা তৈরি করা হয়েছে। এতে শিশুদের প্রতি সহিংসতা নির্মূলে সাতটি অগ্রাধিকার ক্ষেত্র নির্ধারণ করা হয়েছে।
অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে—
প্রথমত, শিশু সুরক্ষা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় এবং শিশুদের কল্যাণে বিনিয়োগ বাড়িয়ে সুশাসন ও অর্থায়ন জোরদার করা।
দ্বিতীয়ত, শিশু আইন ও বাল্যবিবাহ নিরোধ আইন সংস্কারসহ প্রচলিত আইন ও নীতিমালা আরও শক্তিশালী করা। এর মাধ্যমে সহিংসতা ও ক্ষতিকর প্রথা থেকে শিশুদের সুরক্ষা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
তৃতীয়ত, জাতীয় পর্যায়ে ‘পজিটিভ প্যারেন্টিং’ কর্মসূচি গ্রহণ এবং নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ রূপকল্প বাস্তবায়নে অগ্রগতি আনার পরিকল্পনা রয়েছে।
চতুর্থত, স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, মনোসামাজিক সহায়তা ও সমাজসেবা খাতে জনবল বাড়িয়ে শিশু সুরক্ষা এবং সহায়তা সেবা আরও শক্তিশালী করা।
পঞ্চমত, অনলাইনে শিশুদের প্রতি সহিংসতা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া এবং জরুরি পরিস্থিতি ও ডিজিটাল পরিসরে তাদের নিরাপত্তা নিশ্চিত করা।
ষষ্ঠত, শিশু সুরক্ষায় তথ্যব্যবস্থা, উপাত্ত সংগ্রহ ও জবাবদিহি কাঠামো শক্তিশালী করে অগ্রগতি পর্যবেক্ষণ এবং ফলাফল মূল্যায়ন করা।
সপ্তমত, শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে এমন নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা।
মন্ত্রী বলেন, এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ, যেখানে প্রতিটি শিশু নিরাপদ ও সুরক্ষিত থাকবে এবং সব ধরনের সহিংসতা থেকে মুক্ত থাকবে।
উল্লেখ্য, ফিলিপাইনের ম্যানিলায় অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন দেশের আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী, উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা এবং দেশি-বিদেশি গণমাধ্যমের প্রতিনিধিরাও সম্মেলনে উপস্থিত রয়েছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।