সকল মেনু

সাপে কামড়ানোর পর ওঝার ঝাড়ফুঁক, বাঁচানো গেল না ভ্যানচালককে

বরিশালের মুলাদীতে সাপের কামড়ে আজাহার হাওলাদার (৩৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সাপে কামড়ানোর পর দ্রুত হাসপাতালে না নিয়ে তাকে ওঝার কাছে নেয়া হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা ঝাড়ফুঁক করানোর পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানোর পরামর্শ দেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়। শুক্রবার বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের ষোলঘর গ্রামে এ ঘটনা ঘটে।

শনিবার (৭ নভেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী।

নিহত ভ্যানচালক আজাহার হাওলাদার ওই গ্রামের সিকিম আলী হাওলাদারের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের একটি বিলে গরুর জন্য ঘাস কাটতে যান আজাহার। এ সময় একটি সাপ তাকে কামড় দেয়। পরে স্বজনেরা হাসপাতালে না নিয়ে স্থানীয় এক ওঝাকে ডেকে এনে ঝাড়ফুঁক করান।

ঝাড়ফুঁকের পর কিছুটা সুস্থ বোধ করায় বেলা আড়াইটার দিকে গোসল করেন তিনি। কিন্তু গোসলের পরপরই আবার অসুস্থ হয়ে পড়ে যান। পরে ওঝাকে খবর দিলে তিনিই তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।

এরপর বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনরা আজাহারকে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সন্ধ্যা ৬টার দিকে মীরগঞ্জ ফেরিঘাট এলাকায় পৌঁছালে পথেই তার মৃত্যু হয়।

আজাহারের প্রতিবেশী হুমায়ুন কবির বলেন, সাপে কামড়ানোর পরপরই তাকে হাসপাতালে নেয়া হলে হয়তো বাঁচানো সম্ভব হতো। কিন্তু তা না করে ওঝার মাধ্যমে ঝাড়ফুঁক করানো হয়। পরে অবস্থার অবনতি হলে বরিশালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী বলেন, বিষধর সাপে কামড়ালে দ্রুত হাসপাতালে এনে প্রয়োজনীয় চিকিৎসা ও অ্যান্টিভেনম দিতে হয়। আজাহারকে দুপুরে ১২টার দিকে সাপে কামড়ালেও স্বজনরা প্রায় সাড়ে চার ঘণ্টা পর হাসপাতালে নিয়ে আসেন। ততক্ষণে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছিল। এ কারণে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালে পাঠানোর পরামর্শ দেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top