সকল মেনু

বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সাইদুর, হঠাৎ গুলি লেগে লুটিয়ে পড়লেন

সাভারের আশুলিয়ায় পূর্বশত্রুতা ও আধিপত্যের বিরোধের জেরে রকি দেওয়ান নামের এক যুবককে লক্ষ্য করে গুলি ছুড়েছে প্রতিপক্ষের লোকজন। এ সময় রকির সঙ্গে থাকা বন্ধু সাইদুর রহমান (৩২) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়া থানার ধলপুর এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

আহত সাইদুর রহমান লালমনিরহাট সদর উপজেলার পাঠানটারি এলাকার রফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধলপুর এলাকার বাসিন্দা রকি দেওয়ান (২৬) ও একই গ্রামের হাফিজুর রহমানের (৪৫) মধ্যে দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার রাতে হাফিজুরের ছেলে আসিফ (২৩) ও তাঁর সহযোগী কামরুল (৩৩) মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন। পরে তাঁরা রকি দেওয়ানকে লক্ষ্য করে তিন রাউন্ড পিস্তলের গুলি ছোড়েন।

এ সময় একটি গুলি রকির সঙ্গে থাকা বন্ধু সাইদুর রহমানের বাম পায়ের হাঁটুর ওপরের অংশে লাগে। এতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. রাকিবুল হাসান ইশান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত তৎপরতা শুরু করে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, কর্তৃপক্ষ এর দায়ভার নেবে না।

top